Last Updated:
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অনীক দত্তের পকেটে প্রেসক্রিপশন ছিল। তাতে যে সমস্ত ওষুধের নাম লেখা রয়েছে, তা মানসিক অবসাদের জন্য দেওয়া হয়। স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। স্ত্রী কাজে ব্যস্ত থাকার জন্য দেখা করেননি বা সময় দেননি বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া এখনও ঠিকমতো মেনে নিতে পারেন না বাঙালি। এর মাঝেই গতকাল দুপুরে আরও এক দুঃসংবাদ। প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে হিন্দুস্তান পার্ক এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি পরিচালককে। কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনীকের দেহ। গোটা টলিপাড়া এখনও যেন বিশ্বাস করতে পারছে না, পরিচালক আর নেই। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
জীবন থেমে থাকে না। চরৈবতিই জীবনের নাম। এ ব্যস্ত পৃথিবীতে গোপনে শোক আঁকড়ে বাঁচার সুযোগটুকুও মানুষের নেই। স্বামীর মৃত্যু শোক আঁকড়েই কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘কুহেলী’। তার মাঝেই আবারও দুঃসংবাদ। অনীকের চলে যাওয়ায় ধাক্কা খেয়েছে টলিপাড়া। হাসপাতালে ছিলেন জীতু কমল, সৃজিত মুখোপাধ্যায়, মানসী সিন্হা, দীপ্সিতা ধর, মুমতাজ সরকার, শতরূপ ঘোষ, দেবজ্যোতি মিশ্র, বিদীপ্তা চক্রবর্তীরা। সমাজমাধ্যম ভরে যায় শোকবার্তায়। প্রিয়াঙ্কাও ভাগ করে নিয়েছেন প্রয়াত পরিচালকের ছবি।
বুধবার ২৭ মার্চ দুপুরেই ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিচালকের৷ আজ বৃহস্পতিবার, ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসছেন৷ পারিপার্শিক যে তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া গেছে তাতে আত্মহত্যা করছেন বলেই মনে করা হচ্ছে৷ তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্ট না পাওয়ার পর্যন্ত এখনও ধোঁয়াশা রয়েছে৷ যেহেতু ছাদ থেকে পড়ে গিয়েছেন অনীক দত্ত, সেই কারণেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে পরীক্ষা করবেন। পরিচালক যেখান থেকে পড়ে গেছেন অর্থাৎ যেখানে দেহ পড়ে ছিল, সেই জায়গা পরীক্ষা করে দেখা হবে যে নিজে ঝাঁপ দিয়েছেন না কি দুর্ঘটনাবশত পড়ে গিয়ে থাকতে পারেন? এক্ষেত্রে ফরেন্সিক এক্সপার্টরা সেই ঘটনার পুনর্নির্মাণ করতে পারে আজ। তারা দেখবেন ঝাঁপ দিলে কি অবস্থায় পড়েছিলেন পরিচালক। না কি পড়ার ধরন দেখে যাচাই করা হবে এটা দুর্ঘটনা।
২০১২ সালে ব্যতিক্রমী ঘরানার ছবি ‘ভূতের ভবিষ্যৎ’ -এর মাধ্যমে রাতারাতি খ্যাতি পান অনীক। পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও কিছুটা বার্তা দিয়েছিলেন পরিচালক। জীতু কমলকে নিয়ে বানানো ‘অপরাজিত’ ছবিটিও ভীষণ জনপ্রিয়তা পায়। বক্সঅফিসে রীতিমতো সাড়া ফেলে দেয় তাঁর ছবি। ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিতভাবে মানতে নারাজ তদন্তকারীরা।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 28, 2026 12:43 PM IST
