Last Updated:
দীর্ঘদিন ধরে চলতে থাকা দাম্পত্য কলহের ফল কী হতে পারে, এই ঘটনা সামনে আসার পর ফের সেই বিতর্ক সামনে এসেছে৷
স্ত্রীর হাতে টানা নির্যাতিত হয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন স্বামী৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে৷ অভিযোগকারী ওই স্বামীর দাবি, স্ত্রীর হেনস্থা থেকে বাঁচতে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সাহায্য পাননি তিনি৷ শেষ পর্যন্ত জেলাশাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন তিনি৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানো ওই ব্যক্তির নাম কিরিত প্যাটেল৷ তাঁর অভিযোগ, দাম্পত্য কলহ থেকে শুরু হওয়া বিবাদের জেরে দিনের পর দিন নারী সুরক্ষা আইনের সুযোগ নিয়ে তাঁকে হেনস্থা করে চলেছেন তাঁর স্ত্রী৷ যার ফলে চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন তিনি৷
কিরিত প্যাটেল নামে ওই ব্যক্তির আরও অভিযোগ, এর আগের পক্ষে বিয়ের থেকে তাঁর একটি সন্তান ছিল৷ সেই সন্তানের প্রতিও নিষ্ঠুর আচরণ করেন তাঁর স্ত্রী৷ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি৷
অভিযোগকারী স্বামীর আরও দাবি, মামলার চাপ দিয়ে তাঁর থেকে টাকা আদায়েরও চেষ্টা করেছেন তাঁর স্ত্রী৷ কিরিত প্যাটেলের আরও অভিযোগ, এর আগেও একাধিক বিয়ে ছিল তাঁর স্ত্রীর৷ প্রাক্তন স্বামীদের থেকেও একই ভাবে টাকা আদায় করেছেন তিনি৷ যদিও কিরিত প্যাটেলের এই অভিযোগগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷ পুলিশের তদন্তেও কোনও অভিযোগের সত্যতার কোনও প্রমাণ মেলেনি৷
ওই ব্যক্তির অভিযোগ, পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই স্ত্রীর হেনস্থার হাত থেকে মুক্তি পাননি তিনি৷ এর পরই স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান তিনি৷
সম্প্রতি বিহারের হাজিপুরের বাসিন্দা আমন কুমার নামে এক ব্যক্তিও নিজের স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন৷ তাঁর অভিযোগ, সংসার ছেড়ে গিয়ে অন্য এক পুরুষের সঙ্গে থাকতে শুরু করেছেন তাঁর স্ত্রীর৷ সংবাদসংস্থা এএনআই-এর কাছে ওই ব্যক্তির অভিযোগ, ২০১৩ সালে বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করানোর জন্য নিজের জমিও বিক্রি করে দিয়েছিলেন তিনি৷
Kolkata,West Bengal
