Last Updated:
Donald Trump on US Iran Tension: পরমাণু চুক্তি নিয়ে ইরানকে ট্রাম্পের বার্তা, বললেন, ‘আমাদের শর্ত না মানলে কঠোর সিদ্ধান্ত’।
ওয়াশিংটন: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও চুক্তির প্রধান শর্ত হবে ইরান যেন কোনওভাবেই পরমাণু অস্ত্র তৈরি বা অর্জন করতে না পারে। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি, তবে উভয় পক্ষই একটি সমঝোতার কাছাকাছি রয়েছে। তাঁর দাবি, ”আমার একটাই নিশ্চয়তা দরকার– ইরানের হাতে কোনও পরমাণু অস্ত্র থাকবে না। তারা সেই বিষয়টিতে সম্মত হয়েছে।”
চলমান আলোচনাকে ঘিরে আশাবাদী ট্রাম্প বলেন, ”আমরা একটি খুব ভাল চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। তাড়াহুড়ো করলে ভাল চুক্তি হয় না। ধীরে ধীরে আমরা যা চাই, তা পাওয়ার দিকেই এগোচ্ছি। আর যদি না পাই, তাহলে অন্য উপায়ে বিষয়টির সমাধান করা হবে।” ইরানের সামরিক শক্তি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃত ভাবেই ইরানের সামরিক বাহিনীকে অন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর তুলনায় কম আঘাত করেছে। ট্রাম্পের মতে, ইরানের সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে সংযত বা মধ্যপন্থী হওয়ায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যমের একাংশেরও কড়া সমালোচনা করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, আমেরিকার সাফল্যকে খাটো করে দেখানো হয় এবং অনেক ক্ষেত্রে বাস্তব পরিস্থিতির বিপরীত চিত্র তুলে ধরা হয়। তিনি বলেন, ”আপনি বড় জয় পেলেও বলা হয় আপনি হেরেছেন। দেশের জন্য এটি ভাল নয়।” এদিকে, শুক্রবার হোয়াইট হাউসে প্রায় দু’ঘণ্টার বৈঠক হলেও ইরানের সঙ্গে আলোচনায় এখনও কোনও বড় অগ্রগতি হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এমন কোনও চুক্তিতে স্বাক্ষর করবেন না যা আমেরিকার স্বার্থের পরিপন্থী বা তাঁর নির্ধারিত শর্ত পূরণ করে না।
অন্যদিকে, ট্রাম্প যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।
Kolkata,West Bengal
May 31, 2026 10:27 AM IST
