Last Updated:
Free YouTube Educational Videos: স্কুলের ছাত্র-ছাত্রীদের অঙ্কের ভিত মজবুত করতে এবং বিষয়টির প্রতি আকর্ষণ বাড়াতে এক অভিনব ডিজিটাল উদ্যোগ নিল আইআইটি খড়গপুর। প্রত্যন্ত এলাকার শিশুদের কাছে মাতৃভাষায় সহজ উপায়ে গণিত শিক্ষা পৌঁছে দিতে খোদ প্রতিষ্ঠানের ডিরেক্টর নিজেই ইউটিউবে ক্লাস নেওয়া শুরু করেছেন, যা সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: জাতীয় শিক্ষানীতির অন্যতম মূল লক্ষ্য হল অন্তর্ভুক্তিমূলক এবং সবার জন্য সহজলভ্য শিক্ষা। সেই লক্ষ্যকে এবার শুধু খাতা-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল আইআইটি খড়গপুর। স্কুলের পড়ুয়াদের অঙ্কের ভিত আরও মজবুত করতে এবং মাতৃভাষায় বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করতে শুরু হয়েছে ‘সহজে ছোটদের অঙ্ক’ নামের একটি বিশেষ শিক্ষামূলক সিরিজ।
আইআইটি খড়গপুর-এর ‘স্কুল কানেক্ট টিচিং প্রোগ্রাম’-এর অধীনে এই সম্পূর্ণ সিরিজটি নিজের হাতে তৈরি করেছেন এবং ক্লাস নিচ্ছেন খোদ প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, অঙ্কের এই বিশেষ ক্লাসগুলি ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। ফলে ভৌগোলিক অবস্থান, ভাষা বা আর্থিক অনটন কোনও পড়ুয়ার শিক্ষার পথে আর বাধা হয়ে দাঁড়াবে না। প্রত্যন্ত গ্রামের শিশুরাও এখন নিজেদের মাতৃভাষা বাংলায় উচ্চমানের অঙ্কের ধারণা স্পষ্ট করার সুযোগ পাচ্ছে।
মাতৃভাষায় বিজ্ঞান ও অঙ্কের চর্চা ছোটবেলা থেকেই পড়ুয়াদের মনে একটা বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। আইআইটি খড়গপুর-এর এই উদ্যোগ সেই ভাবনাকেই আরও প্রসারিত করছে। শ্রেণীকক্ষের চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে শিক্ষাকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার প্রতিষ্ঠানটি করেছে, বিনামূল্যে উপলব্ধ এই ইউটিউব সিরিজটি তারই একটি বড় প্রমাণ। আইআইটি সূত্রে খবর, খোদ আইআইটি খড়গপুরে ডিরেক্টর নিজেই ক্লাস নিচ্ছেন। ভিডিও ইউটিউবে আপলোড করা হচ্ছে। যাতে খুব সহজ ও সাধারণভাবে অঙ্ক জানতে পারে।
Paschim Medinipur,West Bengal
