Last Updated:
Smart Cities West Bengal: আধুনিক নগর পরিকাঠামো, পরিবেশবান্ধব পরিবহন ও ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে এবার বাংলায় ৪টি নতুন স্মার্ট সিটি তৈরির ব্লু-প্রিন্ট সামনে আনল সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সেই পরিকল্পনার পাশাপাশি শহরগুলির নাম তুলে ধরলেন।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: পশ্চিমবঙ্গে চারটি নতুন স্মার্ট সিটি গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার, যার মধ্যে রয়েছে নবদ্বীপ শহরের নাম। প্রস্তাবিত এই চারটি শহর হল নবদ্বীপ, আসানসোল, তমলুক এবং শিলিগুড়ি। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই পরিকল্পনার কথা জানিয়েছেন। একইসঙ্গে উত্তরবঙ্গেও আরও চারটি নতুন শহর গড়ে তোলার ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
রাজ্য সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল আধুনিক নগর পরিকাঠামো তৈরি, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা চালু করা, সবুজায়ন বৃদ্ধি এবং নাগরিকদের জন্য উন্নত ডিজিটাল পরিষেবা নিশ্চিত করা। পরিকল্পনা অনুযায়ী, স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আবাসন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত সরকারের গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৫ সালে ‘স্মার্ট সিটিস মিশন’ চালু হয়। এই প্রকল্পের আওতায় দেশের ১০০ টি নির্বাচিত শহরকে আধুনিক পরিকাঠামো, প্রযুক্তিনির্ভর পরিষেবা এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে দেশের অন্যতম সফল স্মার্ট সিটির মধ্যে রয়েছে ইন্দোর, সুরাট, বারাণসী, পুণে এবং ভুবনেশ্বর।
পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে নিউ টাউন-কে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তোলার কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে প্রায় ২৫ টি শহরের আধুনিকীকরণের পরিকল্পনাও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নবদ্বীপ, তমলুক, শিলিগুড়ি এবং আসানসোলে স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়িত হলে শুধু নগর উন্নয়নই নয়, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নবদ্বীপ শহর রাজ্যের মধ্যে অন্যতম সেরা শহরতে চলেছে এই ঘোষণা শোনা মাত্রই খুশির জোয়ার বইছে নবদ্বীপবাসীর মনে। সকলেই মনে করছেন এর ফলে পর্যটন বাড়বে কর্মসংস্থান বাড়বে এবং উন্নতির গতি বাড়বে চৈতন্য ভূমির।
Nadia,West Bengal
Smart Cities West Bengal: বদলে যাবে বাংলার রূপ! নয়া সরকারে রাজ্য পাচ্ছে ৪ স্মার্ট সিটি, তালিকায় কোন কোন শহর? বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
