Last Updated:
অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ আগামী ৫ জুন থেকে নন্দনে প্রদর্শিত হতে চলেছে। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ নির্মাণের গল্প নিয়ে তৈরি এই ছবিটি ২০২২ সালে মুক্তি পেয়েছিল এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
কলকাতাঃ নন্দনে ফিরছে অনীক দত্তর ‘অপরাজিত’। এই নন্দন অনীক দত্তকে ফিরিয়েছে বারবার, এবার সেই প্রেক্ষাগৃহেই মুক্তির আলো দেখতে চলেছে তাঁর সিনেমা। আগামী ৫ জুন নন্দনে রিলিজ করছে ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ তৈরির সংগ্রাম দেখিয়ে ২০২২ সালে দর্শকদের প্রশংসা অর্জন করেছিলেন অনীক। কিন্তু বছর চারেক আগে সেই সিনেমা ঠাঁই পায়নি নন্দনে। এবার রাজ্যে পালাবদলের পর অনীক দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানাতে সেই ‘অপরাজিত’কেই নন্দনে ফিরিয়ে আনতে চলেছে বিজেপি সরকার। এই সিদ্ধান্তে খুশি জিতু কমল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
অনীক দত্তের ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা চর্চিত ছিল বরাবর। পরিচালকের প্রয়াণের পর সেই জট কাটার ইঙ্গিত দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। পরিচালকের শেষকৃত্যের দিন নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন, ‘‘চার জন প্রতিনিধি আছেন আমাদের। হিরণ, পাপিয়া অধিকারী, রুদ্রনীল,রূপা গঙ্গোপাধ্যায়। এঁরা মিলে আলোচনা করে নন্দনে অনীক দত্তের সব সিনেমা দেখানো হবে।’’ এই প্রসঙ্গে অনীকের স্ত্রী সন্ধি দত্ত বলেছিলেন, ‘‘নন্দনে অনীকবাবুর ছবি দেখানো হবে, এটা অত্যন্ত ভাল৷’’ পরিচালক-কন্যা ঐশীর দাবি করেছিলেন, শুধু নন্দন কেন, সব জায়গায় দেখানো হোক তাঁর বাবার পরিচালিত ছবি৷
২৭ মে বুধবার সকালে হিন্দুস্তান পার্কের আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্তের। পরিচালককে সঙ্কটজনক অবস্থায় প্রথমে উদ্ধার করে ঢাকুরিয়া সংলগ্ন একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত থেকে জানা গিয়েছে, পরিচালকের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাঁর বাঁ দিকের মাথার খুলির হাড় ভাঙা। ভেঙেছে বাঁ দিকের পাঁজরও । বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। পরিচালকের বাঁ দিকের কোমরও ভেঙে গিয়েছে। বাঁ দিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। এমনকি, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও দাবি প্রাথমিক রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছে যেটি অনীকের সুইডেনবাসী মেয়ের উদ্দেশ্যে লেখা। কাউকে দোষ দেওয়া হয়নি নোটে। ছাদে পত্রিকার মধ্যে একটি খাম থেকে মিলেছে সেই নোট। সিসিটিভিতে পুরো ঘটনাটি দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
Kolkata,West Bengal
Jun 02, 2026 11:41 PM IST
