Last Updated:
Murshidabad News: গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে প্রিজন ভ্যানের গতি কম থাকার সুযোগ নিয়ে চম্পট দিল মাদক মামলার এক দাগী আসামি। কর্তব্যরত পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে লকআপ হেফাজতের মাঝেই এই নাটকীয় পলায়নের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: পুলিশি নিরাপত্তা বলয়কে বুড়ো আঙুল দেখিয়ে প্রিজন ভ্যান থেকে চলন্ত অবস্থায় লাফিয়ে পালাল মাদক মামলার এক আসামি। মঙ্গলবার বিকালে মুর্শিদাবাদের রানিনগর থানার গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পলাতক আসামির নাম জাকির শেখ। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৭ মে বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টার অভিযোগে রানিনগরের কাহারপাড়ার বাসিন্দা জাকির শেখকে আটক করে বিএসএফ। পরে তাকে রানিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বহরমপুরে মুর্শিদাবাদ এনডিপিএস আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। এ দিন নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য জাকিরকে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।
এই ঘটনার পর জেলা পুলিশের শীর্ষ মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। লকআপ বা পুলিশি হেফাজত থেকে কীভাবে একজন দাগী আসামি এভাবে পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রানিনগর থানার পুলিশ জানিয়েছে, পলাতক জাকির শেখের সন্ধানে চারদিকে নাকা চেকিং ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তব্যে গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনও পুলিশ কর্মীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।
Murshidabad,Murshidabad,West Bengal
