Last Updated:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং ডেরেক ও ব্রায়েন অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে লোকসভায় দেখা করেন৷
তৃণমূলের লোকসভার ২০ জন বিদ্রোহী সাংসদের সাংসদ পদ খারিজ করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দিল্লিতে গিয়ে অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক৷ তাঁর সঙ্গে তৃণমূলের কয়েকজন সাংসদও ছিলেন৷ ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ কেন বাতিল করা হবে, সেই যুক্তি দিয়ে লোকসভার অধ্যক্ষকে ২০টি আলাদা চিঠিও দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা৷
গত রবিবার তৃণমূলের লোকসভার ২০ জন বিদ্রোহী সাংসদ অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে এনসিপিআই দলে মিশে যাওয়ার আবেদন জানিয়েছিলেন৷ তবে তৃণমূলের দুই তৃতীয়াংশ সাংসদ এই আবেদন জানালেও তাঁদের অন্য দলে মিশে যাওয়ার এই পদক্ষেপ অসাংবিধানিক বলে দাবি করেছেন অভিষেক৷ দুই তৃতীয়াংশ সাংসদ মিলে অন্য দলে যোগ দিলেই তাঁরা দলবিরোধী আইনের কোপ এড়াতে পারেন না বলেও দাবি করেছেন অভিষেক৷ নিজের দাবির স্বপক্ষে সুপ্রিম কোর্ট ছাড়াও অন্যান্য আদালতের অতীতের নির্দেশও উদাহরণ হিসেবে অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷
অধ্যক্ষের সঙ্গে দেখা করার পর দলত্যাগী সাংসদদের সততা নিয়ে প্রশ্ন তুলে এ দিন অভিষেক বলেন, ‘বেইমানি করে, সংবিধানকে অসম্মান করে জনমত নিয়ে খেলা করে যেভাবে এঁরা নিজেদের বিক্রি করেছেন, তাতে বাংলার মানুষ এদের ক্ষমা করবে না৷ এঁদের অনেককেই এখন কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়েছে৷ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েই নিজেদের সংসদীয় এলাকায় যান, দেখুন একজনও পাশে এসে দাঁড়াবেন না৷ তৃণমূলকে নিয়ে তো আপনাদের সমস্যা, তাহলে ক্ষমতা থাকলে সাংসদ পদ থেকে ইস্তফা দিন৷ ভোট হোক, তাতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দল লড়ুক৷ মানুষ ঠিক করবে কাকে জেতাবে৷’
অভিষেক এ দিন অভিযোগ করেছেন অর্থের টোপ দিয়ে, ভয় দেখিয়ে সাংসদদের দল বদলে বাধ্য করা হচ্ছে৷ মহারাষ্ট্রে শিবসেনার উদাহরণও দিয়েছেন অভিষেক৷ তৃণমূল সাংসদ বলেন, ‘ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে দল বদল করানো হচ্ছে৷ এর প্রমাণ আমার কাছে আছে৷ যাঁরা বিজেপি-র সঙ্গে লড়তে ভয় পায় তাঁদের বাংলার রাজনীতিতে কোনও জায়গা নেই৷ খালি বাংলা নয়, মহারাষ্ট্রেও তাই হচ্ছে৷ শিবসেনাকে আবার নিজেদের সুবিধার জন্য ভাঙছে৷ মানুষের উপরে ভরসা নেই৷ সংবিধানকে মানছে না৷ মানুষের উপরে ভরসা নেই৷ তাই ৩০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে৷ কারণ এরা জানে নিয়ম মেনে ভোট হলে বিজেপি কোনওদিন জিতবে না৷’
Kolkata,West Bengal
