Last Updated:
Abhishek Banerjee OM Birla Meeting: লোকসভায় আসন পরিবর্তন নিয়ে আপত্তি তৃণমূলের, স্পিকারের কাছে কল্যাণের সাসপেনশন প্রত্যাহার-সহ একাধিক দাবি অভিষেকের।
নয়াদিল্লি: লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক হয় স্পিকারের। দুই দাবি নিয়ে এই সাক্ষাৎ হয়। প্রথম দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহার করা। দুই, দলবিরোধী কাজের জন্য এনসিপিআই যোগ দেওয়া ২০ সাংসদের সদস্যপদ খারিজের আবেদন দ্রুত বাস্তবায়িত করা। বৈঠকে এই দুটি বিষয়ের পাশাপাশি অবিলম্বে তৃণমূল কংগ্রেসের সব সাংসদদের বসার ব্যবস্থা পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক সেই দাবিও জানিয়েছেন অভিষেক।
সূত্রের খবর, তৃণমূলের লোকসভার দলনেতা উল্লেখ করেন, ১৮ জুলাইয়ের স্পিকার অফিসের বিজ্ঞপ্তির বিষয়টি। সেখানে এই ২০ এমপিকেও তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই দেখানো হয়েছে। সেখানেই অভিষেকের দাবি, যেহেতু এই সাংসদরা এখনও তৃণমূলেরই সাংসদ হিসেবে সংসদে পরিচত, তাই তাঁদের পৃথক আসন দেওয়া তাঁর দলের অন্য সাংসদ এবং তাঁর জন্য অবমাননাকর। তাই অবিলম্বে তাঁদের পুরনো আসনে বহাল করা হোক।
অভিষেকের দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে পরে দলত্যাগ করা ২০ জন সাংসদের সদস্যপদ দ্রুত বাতিল করা হোক। ১৯৮৫ সালের দলত্যাগ-বিরোধী আইনের আওতায় লোকসভার সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য ৬ নম্বর ধারার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, গত ১৯ জুন একই দাবিতে তিনি একটি পিটিশন জমা দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি বা শুনানির দিনও নির্ধারিত হয়নি। সোমবারের চিঠিতে এই বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, সদস্যপদ সংক্রান্ত সিদ্ধান্ত না হওয়া সত্ত্বেও কীভাবে ওই ২০ জন সাংসদের আসন পরিবর্তন করা হল?
উল্লেখ্য, এনসিপিআই-তে যোগ দেওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ অন্যান্য সাংসদরা প্রথমেই লোকসভায় আলাদা ব্লক এবং পৃথক সংসদীয় দফতরের দাবি তুলেছিলেন। যদিও বাস্তবে তাঁদের জন্য পৃথক ব্লক বা অফিসের ব্যবস্থা না হলেও আসন নম্বরে পরিবর্তন আনা হয়েছে। তাঁদের আসন সামনের দিকে সরিয়ে দেওয়া হয়েছে, আর তৃণমূলের মূল সাংসদদের আসন পিছিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়েই আগেই স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন কাকলিরা। এবার সেই একই ইস্যুতে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে দুটি দাবি আনুষ্ঠানিকভাবে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Kolkata,West Bengal
Jul 27, 2026 11:22 PM IST
