Last Updated:
Ambulance Service: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে চালু হল ‘জীবন সাথী’ নামের এক অভিনব টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। কোলাঘাট নতুন বাজার এলাকার একটি সংস্থার উদ্যোগে এই পরিবেশবান্ধব ব্যাটারিচালিত যানটি তৈরি করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক অক্সিজেনের ব্যবস্থার পাশাপাশি রোগীর সঙ্গে আরও ৩ জন বসার আসন রয়েছে।
কোলাঘাট, সৈকত শী: গ্রামের মেঠো পথ কিংবা শহরের তস্য গলি, জরুরি পরিস্থিতিতে যেখানে বড় অ্যাম্বুলেন্স ঢোকা প্রায় অসম্ভব, সেখানে এবার মুমূর্ষু রোগীর ত্রাতা হয়ে দোরগোড়ায় পৌঁছে যাবে ‘জীবন সাথী’। গ্রামীণ ও মফস্বল এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে চালু হল এক অভিনব ও পরিবেশবান্ধব টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। কোলাঘাট নতুন বাজার এলাকার একটি সংস্থার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই জীবনদায়ী যানটির চালু হয়েছে। এই বিশেষ ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্সটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ শ্যামল আদক।
এদিন এলাকার প্রবীণ নাগরিক বাসন্তী আদক এই অভিনব অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজকর্মী মহাদেব সেনগুপ্ত, কোলাঘাট ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ সাম্ব ভৌমিক, রাধামাধবজিউ আশ্রমের প্রতিষ্ঠাতা ভীম দাস এবং সমাজকর্মী রাজীব জৈন সহ এলাকার বহু গুণীজন। কী কী সুবিধা থাকছে এই ‘জীবন সাথী’তে? সাধারণ মানুষের সুবিধার্থে এই যানটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্সের ভেতরেই থাকছে সার্বক্ষণিক অক্সিজেনের সুব্যবস্থা। সংকটাপন্ন রোগী ছাড়াও তাঁর সঙ্গে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বসে যেতে পারবেন আরও ৩ জন পরিবার-পরিজন।
কোলাঘাট ও মেছেদা সংলগ্ন এলাকার সাধারণ মানুষের পকেটের কথা ভেবে অত্যন্ত ন্যূনতম ব্যয়ে এই পরিষেবা মিলবে। একটি মাত্র ফোনেই সময়ে রোগীকে উদ্ধার করতে দোরগোড়ায় হাজির হবে এই যান। উদ্বোধক ডঃ শ্যামল জানান, “গ্রামের সংকীর্ণ রাস্তা থেকে পাড়ার গলি পেরিয়ে মানুষের বাড়ির উঠোন পর্যন্ত এই অ্যাম্বুলেন্স অনায়াসে যাতায়াত করতে পারবে। বড় গাড়ি যে সমস্ত দুর্গম জায়গায় পৌঁছাতে পারে না, সেখানে এটি দ্রুত পৌঁছে জীবন বাঁচাতে সাহায্য করবে।” এর পাশাপাশি সংস্থার অন্যতম সদস্য অসীম দাস বলেন, “গ্রামের রাস্তায় কিংবা শহরের গলিতে বড় অ্যাম্বুলেন্স ঢোকার পরিসর নেই। সেই জায়গায় সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে পৌঁছে যাবে এই টোটো অ্যাম্বুলেন্স!”
প্রাথমিকভাবে এই টোটো অ্যাম্বুলেন্স একটি চালু করা হলেও, এই টোটো অ্যাম্বুলেন্স এর চাহিদা বাড়লে এলাকায় আরও কয়েকটি টোটো এম্বুলেন্স পরিষেবা চালু করবে এই সংস্থা। তাঁদের সংস্থায় বড় অ্যাম্বুলেন্সের সুবিধা আগে থেকেই রয়েছে। তা সত্ত্বেও স্থানীয় স্তরে স্বল্প দূরত্বে এবং পাড়ার সরু রাস্তায় দ্রুত ও সাশ্রয়ী পরিষেবা দেওয়ার জন্যই এই ছোট উদ্যোগ। আগামীদিনে মানুষের চাহিদা এবং প্রয়োজনীয়তা বুঝে এই ধরণের আরও কয়েকটি টোটো অ্যাম্বুলেন্স রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। উদ্যোক্তাদের এই মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন কোলাঘাটের সর্বস্তরের মানুষ।
Purba Medinipur,West Bengal