Last Updated:
ভোটে জয়ী হয়েই এক বিশেষ উদ্যোগ নিলেন ভাতারে জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা।
এলাকায় শান্তি বজায় রাখতে নিজেই গাড়ি করে করছেন প্রচার।
ভাতার, সায়নী সরকার: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল-কে হারানোর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গেও বড় জয় পেল বিজেপি। তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের আসনেই পরাজিত হয়েছেন, আর তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে।২০১১ সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর দীর্ঘদিন রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে দিকে দিকে পালাবদলের ছবি। কিছু বিরল ছবিও রয়েছে। ভোটে জয়ী হয়েই এক বিশেষ উদ্যোগ নিলেন ভাতারে জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা।
এলাকায় শান্তি বজায় রাখতে নিজেই গাড়ি করে করছেন প্রচার। কোথাও দখল করে নেওয়া তৃণমূল অফিস থেকে নিজেই সরিয়ে দিলেন বিজেপি-র পতাকা তো কোথাও আবার নিজেই রুখলেন ঝামেলা, নিজের নির্বাচনী এলাকায় প্রচার গাড়ি করে অশান্তি রুখতে নিজেই করছেন মাইকিং। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও বিকল্প চিত্র পূর্ব বর্ধমানের ভাতারে। অশান্তি রুখতে নিজেই ময়দানে ভাতারের জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা। ভাতারের তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারকে ৬৫২৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির সৌমেন কার্ফা। জয়ের খবর মিলতেই ভাতারে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে। বাড়তে শুরু করে উত্তেজনা। এমতাবস্থায় অশান্তি রুখতে নিজেই মাঠে নামেন সৌমেন কার্ফা। এমনকি এলাকায় কোন অশান্তি হলে তার সঙ্গে যোগাযোগ করার জন্য দেন হেল্পলাইন নম্বরও।
তিনি বলেন, ‘২০১১ সালে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিলেন। পরিবর্তন হওয়ার পর দলের পরিবর্তন হলেও অরাজকতার কোনও পরিবর্তন হয়নি। এমনকি সিপিএমের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়েছিল তৃণমূল। বিজেপি সেই পথে হাটবে না,বাংলায় সুশাসনের প্রতিষ্ঠা করবে। তাই যাঁরা অতি উৎসাহী হয়ে অরাজকতা করতে চাইছেন তাঁদের সতর্ক করছি এবং এটাও বলছি যে এর পরও এই ধরনের কর্মকান্ডের সঙ্গে যারা যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’
ভোটের লড়াই শেষ হতেই যখন জয়ের উল্লাস আর পরাজয়ের গ্লানি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক ময়দান,তখন ভাতারের ছবিটা একেবারে উল্টো।