Last Updated:
মৃত্যুর প্রায় চার মাস পর শেষ পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত আয়াতোল্লাহ খামেনেইয়ের শেষকৃত্যের আয়োজন করছে ইরান৷
ইরানের প্রয়াত প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইকে সমাহিত করার অনুষ্ঠানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে প্রধানমন্ত্রী না গেলেও ইরানের আমন্ত্রণে ভারতের প্রতিনিধি হিসেবে বিহারের রাজ্যপাল লেফট্যান্যান্ট জেনারেল সৈয়দ আটা হাসনায়েন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এই অনুষ্ঠানে অংশ নেবেন৷
ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেশকিয়ান খামেনেইকে সমাহিত করার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ কিন্তু ওই সময় প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার পূর্ব নির্ধারিত সফর রয়েছে৷ সেই কারণেই খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না তিনি৷
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল আয়াতোল্লাহ খামেনেইয়ের৷ গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদিকে খামেনেইয়ের শেষকৃত্যে আমন্ত্রণ জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট৷
প্রথমে ঠিক ছিল, মার্চ মাসেই খামেনেইকে সমাহিত করার অনুষ্ঠান হবে৷ কিন্তু আমেরিকার সঙ্গে ইরানের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে থাকার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়৷ খামেনেইকে সমাহিত করাকে কেন্দ্র করে আগামী জুলাই মাসে ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
আগামী ৪ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হবে৷ খামেনেইয়ের শেষকৃত্য উপলক্ষে তেহরান এবং কোম শহরে শোভাযাত্রাও বের করা হবে৷ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালাতে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে৷
আগামী ৯ জুলাই খামেনেইয়ের নিজের শহর মাশাদে তাঁকে সমাহিত করার চূড়ান্ত রীতি পালন করা হবে৷ ভারতের হয়ে বিহারের রাজ্যপাল এবং বিদেশ প্রতিমন্ত্রীই এই অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন৷ ইরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখে এসেছে ভারত৷ ইরান, ইজরায়েল এবং আমেরিকার সংঘাতের সময়ও ভারত দৃঢ় এবং নিরপেক্ষ অবস্থান নিয়েছিল৷ ইরানের নেতৃত্বের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Kolkata,West Bengal
