Last Updated:
Bankura News:ক্ষুদিরাম টুডু বলেন, মুকুটমণিপুর শুধু বাঁকুড়ার নয়, গোটা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অথচ সেখানে পৌঁছনোর জন্য এখনও পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ নেই। ফলে পর্যটক এবং স্থানীয় মানুষ উভয়কেই নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: মুকুটমণিপুর রেল প্রকল্পের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগী হওয়ার আশ্বাস দিলেন রানিবাঁধের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানিয়েছেন, মুকুটমণিপুর পর্যন্ত রেল সংযোগের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সামনে তুলে ধরবেন। বহুদিন ধরে জঙ্গলমহলের মানুষ এই প্রকল্পের দাবি জানিয়ে আসছেন। পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।
ক্ষুদিরাম টুডু বলেন, মুকুটমণিপুর শুধু বাঁকুড়ার নয়, গোটা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অথচ সেখানে পৌঁছনোর জন্য এখনও পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ নেই। ফলে পর্যটক এবং স্থানীয় মানুষ উভয়কেই নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর কথায়, মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।
এছাড়াও খাতড়া শহরকে পুরসভা করার প্রসঙ্গও সামনে এনেছেন ক্ষুদিরাম টুডু। তিনি জানান, খাতড়া ক্রমশ জনবহুল ও গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে উঠছে। প্রশাসনিক এবং নাগরিক পরিষেবার উন্নতির স্বার্থে খাতড়াকে পুরসভায় উন্নীত করার বিষয়টি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। এই দাবি দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের একাংশ তুলে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রিত্ব পাওয়ার পর ক্ষুদিরাম টুডুর এই বার্তায় নতুন করে আশার আলো দেখছেন জঙ্গলমহলের মানুষ। মুকুটমণিপুর রেল প্রকল্প বাস্তবায়ন এবং খাতড়ার পুরসভা হওয়ার দাবিতে দীর্ঘদিনের অপেক্ষা এবার কতটা সফল হয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।
Bankura,West Bengal