Last Updated:
ভূতের গল্পের জন্য সোজা আসা এই গ্রামে, সেখানে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তৈরি হল ভূতের কাহিনি! খুবই মজাদার
বাঁকুড়া: ভূতের গল্পের সন্ধানে এক লেখকের বাঁকুড়ার সোনামুখী যাত্রাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বাংলা সিনেমা ‘ভুতুড়ে গ্রাম’। এই সিনেমাটি রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক আবহে নির্মিত।
‘ভুতুড়ে গ্রাম’ সিনেমার গল্প শুরু হয় একজন লেখকের ভূতের গল্প সংগ্রহের উদ্দেশ্যে বাঁকুড়ার সোনামুখী স্টেশনে নামার পর। সেখান থেকে তিনি টোটো করে জঙ্গলের ভিতর দিয়ে একটি প্রত্যন্ত গ্রামে পৌঁছন। গ্রামে পৌঁছনোর পর থেকেই একের পর এক রহস্যের উন্মোচন হতে থাকে।
গ্রামে একজন অপরিচিত ব্যক্তিকে দেখে স্থানীয়রা কৌতূহলী হয়ে ওঠেন এবং তাঁর এখানে আসার কারণ জানতে চান। লেখক জানান, তিনি ভূতের গল্পের সন্ধানেই এই গ্রামে এসেছেন। এরপর তিনি গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে নানা অজানা, রহস্যময় ও ভৌতিক কাহিনি শোনেন।
এই সিনেমার শ্যুটিং বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল এবং পার্শ্ববর্তী গ্রামাঞ্চলকে কেন্দ্র করে হয়েছে। প্রায় চার মাস ধরে চারটি পর্যায়ে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সিনেমাটি দর্শকদের সামনে মুক্তি পাবে।
‘ভুতুড়ে গ্রাম’ সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গর্বিত সাহা, রাজ ভাদুড়ি, ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং দেবরাজ মুখোপাধ্যায়। সিনেমাটির পরিচালনায় রয়েছেন সমীর মাঝি, লেখক অমিয় মুখোপাধ্যায় এবং প্রযোজনায় রতনলাল চৌধুরী।
সোনামুখীর জঙ্গল, প্রত্যন্ত গ্রামের পরিবেশ এবং লোকমুখে প্রচলিত ভৌতিক কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই সিনেমাটি কতটা ভয়, রহস্য ও রোমাঞ্চের আবহ তৈরি করতে পারে, তা জানতে সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।