Last Updated:
Bengaluru Murder: ফের প্রেমের জেরে খুনের অভিযোগ৷ বান্ধবীকে ডিনারে ডেকে গলায় ছুরুরি কোপ বসালেন প্রেমিক৷ বেঙ্গালুরুরুতে ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার যুবক৷
বেঙ্গালুরু: কেতন আগরওয়ালের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ৷ তার মাঝেই ফের এক নির্মম খুনের অভিযোগ৷ এবার বান্ধবীকে ‘ডিনারের’ নিমন্ত্রণে ডেকে নৃশংসভাবে খুনের অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ে নিয়ে বচসার জেরেই ২৩ বছরের তরুণীকে খুন করে অভিযুক্ত প্রেমিক৷ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, নিহত তরুণীর নাম অঞ্জলি, এবং অভিযুক্ত তরুণ রাজীব৷ রবিবার রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীব ও অঞ্জলির পরিচয় হয়েছিল কর্মস্থলে। গত তিন থেকে চার বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে রাজীবের পারিবারিক ও সামাজিক পটভূমির কারণে অঞ্জলির পরিবার এই বিয়েতে রাজি ছিল না।
তদন্তে জানা গিয়েছে, রাজীব একাধিকবার অঞ্জলি এবং তাঁর পরিবারের সদস্যদের বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিবারের চাপে অঞ্জলি রাজীবকে এড়িয়ে চলতে শুরু করেন।
রবিবার সন্ধ্যায় রাজীব অঞ্জলিকে ডিনারে যাওয়ার জন্য ডাকেন। অভিযোগ, ডিনারের সময় তিনি ফের বিয়ের প্রসঙ্গ তোলেন। তা নিয়ে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। একসময় অঞ্জলি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে রাজীব তাঁর পিছু নেন।
পুলিশের দাবি, আগে থেকেই সঙ্গে রাখা ছুরি দিয়ে রাজীব অঞ্জলির গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত রাজীবকে গ্রেফতার করে।
অঞ্জলির দেহ ময়নাতদন্তের জন্য এম এস রামাইয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
Kolkata,West Bengal
