Last Updated:
Bike Accident: মেমারি-মালডাঙ্গা রোডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। কুসুমগ্রাম থেকে মেমারিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মধ্যমগ্রামের একটি রাইস মিলের সামনে হয় এই দুর্ঘটনা। মোটরবাইকে থাকা দুই আরোহীকে রক্তাক্ত উদ্ধার করা হলেও শেষরক্ষা করা যায়নি। বাইকটির গতি খুব বেশি ছিল বলে খবর।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরবাইক আরোহী। মেমারি-মালডাঙ্গা রোডে একটি রাইস মিলের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মন্তেশ্বরের দেবপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী গদাই শেখ জানান, তিনি সাতগেছিয়া থেকে কুসুমগ্রামের দিকে যাচ্ছিলেন। মাঝেরগ্রাম মিলের কাছে একটি মোটরবাইক তাঁকে দ্রুতগতিতে ওভারটেক করে চলে যায়। কিছু দূর এগোতেই তিনি দেখতে পান, রাস্তার ওপর দু’জন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে জানতে পারেন, একটি বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষেই ওই দুর্ঘটনা ঘটেছে। তাঁর কথায়, মোটরবাইকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল।
দুর্ঘটনার পর বাসের যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি কুসুমগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরবাইকটি মেমারির দিক থেকে কুসুমগ্রামের দিকে আসছিল। মধ্যমগ্রামের একটি রাইস মিলের সামনে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মোটরবাইকের দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম মুস্তাকিন শেখ ও মমিন শেখ। তাঁদের বাড়ি মন্তেশ্বর থানার দেবপুর গ্রামে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঝুঁকির বিষয়টি সামনে এনে দিয়েছে। এক মুহূর্তের অসাবধানতায় দুটি তরতাজা প্রাণ ঝরে গেল। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে দেবপুর গ্রাম। বাইক চালানোর সময় সচেতনতা নিয়েও সওয়াল করেছেন স্থানীয়দের অনেকেই।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
