Last Updated:
Birbhum News: কোটি টাকা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার গুলিবর্ষণের ঘটনায় কেঁপে উঠল বীরভূম। নলহাটির উদয়নগরে ব্যবসায়ী-সহ তিনজনকে লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি ছুড়ল দুষ্কৃতীরা। এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক, খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ।
বীরভূম, সৌভিক রায়: যত কাণ্ড বীরভূমে। একদিকে টুলু মণ্ডল ঘনিষ্ঠদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, অন্যদিকে রবিবার রাত থেকে গুলির বর্ষণ। রাতের গভীর অন্ধকারে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন বীরভূমের তিন যুবক। রবিবার গভীর রাতে বীরভূমের বৈধরা ও নলহাটি যাওয়ার রাস্তায় নলহাটি থানার উদয়নগর গ্রামে এই ঘটনা ঘটেছে। সূত্র মারফত জানা গেছে, আহত তিন যুবকের নাম শাহে আলম শেখ, রেজ্জাক শেখ ও হাবিবুল শেখ। এদের তিন জনেরই বাড়ি উদয়নগরে।
এলাকাবাসীদের তরফ থেকে জানা গেছে, শাহ আলম শেখ তাঁর বড় শপিং মল অর্থাৎ কাপড়ের দোকান আছে। রবিবার রাত ১০:৩০-১১:০০ টা নাগাদ দোকান বন্ধ করে রেজ্জাক শেখ এবং হাবিবুল শেখকে সঙ্গে নিয়ে দু’টি মোটরবাইকে করে তিন জনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময়ই চার দুষ্কৃতী দু’টি মোটরবাইকে এসে উদয়নগর গ্রামের ট্রান্সফর্মারের কাছে অন্ধকারে রাস্তার ধারে দাঁড়িয়েছিল।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মোট ১১-১২ টি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এর মধ্যে চারটি গুলি রেজ্জাক শেখ ওরফে জনি শেখের শরীরের বিভিন্ন জায়গায় লাগে। হাবিবুল শেখের কাঁধে গুলি লেগে বেরিয়ে যায়। দু’টি গুলি লাগে শাহ আলম শেখ ওরফে বিকির গায়ে। তৎক্ষণাৎ এই তিন জনকেই উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করেন।
Birbhum,West Bengal
