Last Updated:
CJP: শনিবারেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ তারপরেই মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে ককরোচ দলের দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা৷ বৈঠকের পরেই বড় ঘোষণা CJP-র৷
নয়াদিল্লি: আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি৷ এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার তৃতীয় দফার শেষে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ঘোষণা করেছে যে তারা দিল্লির যন্তর মন্তরে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিল। ‘‘শর্তে রাজি (এগ্রিড আপোন টার্মস) এবং সময়সীমাতেও রাজি (এগ্রিড আপোন টাইমলাইনে) তাই প্রত্যাহার করছি বিক্ষোভ’’, জানালেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস৷
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পর, শনিবার সিজেপি (CJP)-র দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করে। আলোচনার পর সিজেপি অবিলম্বে তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানায়।
এরপরই সিজেপি অবস্থান প্রত্যাহার করার কথা ঘোষণা করেন৷ ককরোচ দলের পক্ষ থেকে জানান হয়েছে, ‘‘কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, তার মানে আমাদের প্রথম দাবি মেনে নেওয়া হয়েছে। সব এফআইআর প্রত্যাহার হোক, সেটা আমরা চেয়েছিলাম শুধু দিল্লি নয়, দিল্লির বাইরের রাজ্যেও সেগুলোও যাতে প্রত্যাহার করা হয়। সেই এফআইআর গুলোও প্রত্যাহার করতে রাজি হয়েছে সরকার। আগামী দিনে কোনও প্রতিবাদকারী এবং সিজেপি টিমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। সরকার তাতেও রাজি হয়েছে। সরকার আমাদের আগামী মঙ্গলবারের মধ্যে লিখিত গ্যারান্টি দেবে৷ নিটের জন্য নিহতদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণের কথা আমরা বলেছিলাম। সেটা সরকার বলেছে যা সম্ভব তা পুরণ করবে৷’’
এ প্রসঙ্গে মন্ত্রী জে পি নাড্ডা জানান, ‘‘সিজেপির তরফে ৫ পয়েন্ট চার্টার দেওয়া হয়। সেটা বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। এফআইআরের কপিও আমরা দেব এবং এফআইআর প্রত্যাহারের পর কোনও ব্যবস্থা নেওয়া হবে না সরকারের তরফে বলা হয়েছে। পরবর্তী কালেও কোনও পদক্ষেপ নেওয়া হবে না এই অ্যাক্টিভিটির জন্য সেটাও নিশ্চিত করা হয়েছে। আইন মেনে যতটা ক্ষতিপুরণ দেওয়া সম্ভব সেটাও আমরা দেব। সরকারও সংবেদনশীল৷ ফাইভ পয়েন্ট চার্টার নিয়ে আমরা গভীরভাব চিন্তন করব এবং তারপর আপনাদের ডেলিগেশনের সঙ্গে আমরা আলোচনাও করব। আমরা অনুরোধ করব, বিক্ষোভকারীরা নিজেদের আন্দোলন প্রত্যাহার করুন।’’
Kolkata,West Bengal
