Last Updated:
Nadia Cloth Market Crisis: বাংলার তাঁত ও বস্ত্র শিল্পের এক অনন্য পীঠস্থান রানাঘাটের রামনগর সন্ন্যাসী বাজারের কাপড়ের হাট। একসময় যেখানে দেশ-বিদেশের পাইকারি ক্রেতাদের ঢল নামত, আজ সেখানে শুধুই ক্রেতাশূন্যতার হাহাকার। লাগামহীন মূল্যবৃদ্ধি, সাধারণের হাতে নগদ টাকার অভাব এবং বড় বড় মলের দাপটে কীভাবে বিপন্ন হতে বসেছে এই ৩০ বছরের প্রাচীন ঐতিহ্য? উত্তর খুঁজতে মাঠপর্যায়ে অনুসন্ধান।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: বাংলার বস্ত্র শিল্পের ইতিহাসে ঐতিহ্যবাহী তাঁতের কাপড়ের হাটের ভূমিকা অনস্বীকার্য। আধুনিক প্রজন্মের কাছে শপিং মল চেনা পরিচিত হলেও, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমে ওঠা এই হাটগুলোর রূপ এখন অনেকেরই অজানা। আধুনিকতার দাপটে বহু কাপড়ের হাট হারিয়ে গেলেও যা টিকে আছে, তাদের অবস্থাও আজ শোচনীয়। তেমনই এক চরম সংকটের মুখে পড়েছে নদিয়ার রানাঘাট রামনগর সন্ন্যাসী বাজার এলাকার বহু প্রাচীন কাপড়ের হাট। একসময় যে হাটে দূর-দূরান্তের পাইকারি ক্রেতা ও বড় বড় শপিং মলের ব্যবসায়ীদের আনাগোনা ছিল, আজ সেখানে শুধুই মন্দার ছায়া। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে হাটে গিয়ে দেখা গেল ব্যবসায়ী ও বিক্রেতাদের চোখে-মুখে চরম হতাশা।
দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই হাটে ব্যবসা করছেন এমন এক প্রবীণ ব্যবসায়ী জানান, ১৯৯৭ সাল থেকে তিনি এখানে আসছেন, কিন্তু বর্তমানের মতো খারাপ পরিস্থিতি আগে কখনও দেখেননি। তাঁর মতে, সরকারি প্রকল্পের টাকা বা সাধারণ মানুষের হাতে নগদের অভাব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বাজারে চরম মন্দা চলছে। হাটে এসে লাভের মুখ দেখা তো দূরের কথা, উৎপাদন ও যাতায়াতের খরচ তোলাই দায় হয়ে দাঁড়িয়েছে। অন্য এক তরুণ ব্যবসায়ী অয়ন বসাক জানান, তাঁর বাবা প্রায় ২০ বছর ধরে এই কাপড়ের ব্যবসা করছেন। আগে যেখানে উৎসবের মরশুম ছাড়াও ভাল বিক্রি হত, এখন বড় বড় শপিং মলের নানা ছাড়ের বিজ্ঞাপনের কারণে হাটে সাধারণ ক্রেতার ভিড় প্রায় শূন্য। আগে যে পরিমাণ আয় হত, এখন তার তিন ভাগের এক ভাগও হচ্ছে না।
তবে প্রতিকূলতার মধ্যেও আশার আলো দেখছেন কেউ কেউ। অপর এক পাইকারি বিক্রেতার দাবি, রানাঘাট, গেদে, শান্তিপুর, ফুলিয়া, কালনা ও রানাঘাট টাউনের বড় বড় নামী শপিং মল ও নামকরা দোকানদাররা এখনও এই হাট থেকেই পাইকারি দরে মাল কিনে নিয়ে যান। ফলে বাজারের চাকা একদম বন্ধ না হলেও, আগের সেই জৌলুস ও ভিড় আর নেই। রানাঘাটের এই ঐতিহাসিক কাপড়ের হাটটি সপ্তাহে মূলত দু’দিন—বৃহস্পতিবার ও রবিবার বসে। কিন্তু যেভাবে আধুনিক শপিং মলের দাপট এবং আর্থিক অনটন গ্রাস করছে, তাতে ব্যবসায়ীদের আশঙ্কা—দ্রুত কোনো সরকারি উদ্যোগ বা বাজার পরিস্থিতির উন্নতি না হলে, অচিরেই হয়তো এই প্রাচীন ঐতিহ্যবাহী হাটটি বন্ধ হয়ে কেবলই ইতিহাসের পাতায় স্থান পাবে।
Nadia,West Bengal
Jul 14, 2026 12:36 PM IST
Cloth Market Crisis: শপিং মলের ‘ডিসকাউন্ট’ যুদ্ধে হেরে যাচ্ছে বাংলার ঐতিহ্য? রানাঘাটের সন্ন্যাসী বাজারের কী হাল! দেখলে চোখে জল আসবে