Last Updated:
CPIM Kalatan Dasgupta: পানিহাটিতে মোটের উপর শান্তিপূর্ণ ভোট, দাবি বাম প্রার্থী কলতান দাশগুপ্তর। দ্বিতীয় দফার নির্বাচন জেলায় মোটের উপর শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে দাবি বিভিন্ন মহলের।
পানিহাটি, রুদ্র নারায়ণ রায়: পানিহাটিতে মোটের উপর শান্তিপূর্ণ ভোট, দাবি বাম প্রার্থী কলতান দাশগুপ্তর। দ্বিতীয় দফার নির্বাচন জেলায় মোটের উপর শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে দাবি বিভিন্ন মহলের। তবে এবারের নির্বাচনে বিশেষ নজর ছিল পানিহাটি বিধানসভা কেন্দ্রের দিকে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে লড়াইয়ে নেমেছিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা, যাকে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি।
অন্যদিকে, আর জি কর আন্দোলন থেকেই উঠে আসা বামপন্থী তরুণ মুখ কলতান দাশগুপ্তও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পর্ব শেষে বাম প্রার্থী কলতান দাশগুপ্ত জানান, দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পানিহাটিতে মোটের উপর শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পানিহাটি সংবাদ শিরোনামে এলেও বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ছোটখাটো কিছু সমস্যা হয়েছে, যেখানে তৃণমূল বা বিজেপি জমায়েত করার চেষ্টা করেছে, সেখানে বাম কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছেন।
এদিন তিনি আরও বলেন, সন্ধ্যা ছ’টা পর্যন্ত আমরা বুথ আগলে রেখেছি এবং রক্ষা করেছি। এই নির্বাচনে আমরা যে ইস্যুগুলি তুলে ধরেছি রুটিরুজি, জীবিকা, পরিবেশ, কাজের সুযোগ মানুষ সেগুলিতেই সাড়া দিয়েছেন।পাশাপাশি তৃণমূল ও বিজেপি উভয় দলকেই তীব্র আক্রমণ করেন বাম প্রার্থী। অভিযোগ, যতদিন বিজেপি আছে, ততদিন তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের জেলের বাইরে রাখা হচ্ছে। বামেদের সরকার এলে এই চিত্র বদলাবে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে মিডিয়াকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন তিনি। সব মিলিয়ে, পানিহাটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও রাজনৈতিক উত্তাপ ছিল চোখে পড়ার মতোই।
Panihati,North Twenty Four Parganas,West Bengal