Last Updated:
Darjeeling Free Bus Service: জলপাইগুড়ির নেতাজিপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ছাড়ে এনবিএসটিসি-র বাস, যা শিলিগুড়ি হয়ে পৌঁছে যায় দার্জিলিংয়ে। আরামদায়ক এই যাত্রায় উপভোগ করুন পাহাড়ি সৌন্দর্য, শীতল আবহাওয়া ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: এবার বিনামূল্যে শৈলশহর ভ্রমণ! গরম থেকে সরাসরি পাহাড়, মহিলাদের জন্য দার্জিলিং যাত্রা এবার একেবারে ‘ফ্রি’। সমতলের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। একটু স্বস্তির খোঁজে অনেকেই ভাবছেন পাহাড়ে যাওয়ার কথা, কিন্তু সেই ইচ্ছে প্রায়ই থেমে যায় গাড়িভাড়ার বাড়তি খরচের কাছে। এবার সেই চিন্তার অবসান! মহিলাদের জন্য খুলে গেল বিনামূল্যে দার্জিলিং ভ্রমণের সুযোগ।
রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পরিবহন সংস্থার উদ্যোগে এখন মহিলারা একেবারে বিনা ভাড়ায় দার্জিলিং যেতে পারবেন। জলপাইগুড়ির নেতাজিপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭’টায় রওনা দেয় এনবিএসটিসি-র বাস। শিলিগুড়ি হয়ে সেই বাস পৌঁছে যায় শৈলশহর দার্জিলিংয়ে, যেখানে অপেক্ষা করছে ঠান্ডা হাওয়া, সবুজ পাহাড় আর মনোরম প্রকৃতি। ডিপো ইনচার্জ শ্যামল দাস জানিয়েছেন, এই পরিষেবায় মহিলাদের জন্য কোনও ভাড়া লাগবে না। ফলে দক্ষিণবঙ্গ থেকে শিলিগুড়ি এসে বাস ধরলেই সহজেই পৌঁছে যাওয়া যাবে দার্জিলিংয়ে।
এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এতদিন যেখানে পাহাড় ভ্রমণ মানেই ছিল বাড়তি খরচ, সেখানে এই সুবিধা সত্যিই বড় স্বস্তি। বিশেষ করে মহিলাদের জন্য এটি এক নতুন সুযোগ। সুমনা মুখোপাধ্যায় জানান, বান্ধবীদের সঙ্গে এবার দিঘা, দার্জিলিং ঘুরতে যাওয়া যাবে। এতদিন বাড়তি বাজেটের জন্যে প্ল্যান ক্যানসেল হত। এবার তার মুশকিল আসান হয়েছে। নিজেদের মতো করে পাহাড় উপভোগ করা যাবে। তাই এবার গরমের হাত থেকে বাঁচতে এবার পাহাড় ডাকছে…আর সেই ডাক এখন একেবারেই বিনামূল্যে।
Siliguri,Darjeeling,West Bengal
