Last Updated:
Delhi Mango Mela: রাজধানীতে আম-বিলাসীদের ঢল! ৫০০ টনের বিশাল টার্গেট নিয়ে দিল্লির বুকে চলছে বাংলার আম উৎসব। জিআই স্বীকৃত হিমসাগর, লক্ষ্মণভোগের পাশাপাশি অনন্য সব প্রজাতির আমের স্বাদ নেওয়ার এই সুযোগ।
মালদহ, জিএম মোমিন: মালদহের সুস্বাদু ও খ্যাতনামা আম এবার জেলা ও রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের রাজধানী দিল্লির বাজারে। রাজ্য সরকারের উদ্যোগে দিল্লির চিত্তরঞ্জন পার্কের বঙ্গীয় সমাজ প্রাঙ্গণে শুরু হয়েছে বঙ্গ আম মেলা ও হস্তশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে।
রাজ্যের উদ্যান পালন দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের সহযোগিতায় আয়োজিত এই মেলায় মালদহ-সহ রাজ্যের বিভিন্ন জেলার বিখ্যাত আম এবং হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মালদহ-সহ বিভিন্ন জায়গার প্রায় ১৫০ প্রজাতির আম। এর মধ্যে জিআই স্বীকৃত ফজলি, হিমসাগর ও লক্ষ্মণভোগ ছাড়াও ল্যাংড়া, গোপালভোগ, বৃন্দাবনী-সহ একাধিক জনপ্রিয় জাতের আম ক্রেতাদের নজর কেড়েছে।
এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক এবং মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। উজ্জ্বল সাহা জানান, “প্রতিবছর দিল্লিতে এই আম মেলার আয়োজন করা হয়। এবার প্রায় ১৫০ প্রজাতির আম নিয়ে আসা হয়েছে এবং ৫০০ টন আম বিক্রির পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের ফলে মালদহের আমের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মালদহের আসল আমের স্বাদ গ্রহণের সুযোগ পাবেন। আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।”
মেলায় আমের দাম রাখা হয়েছে প্রতি কেজি ১২০ থেকে ২০০ টাকা। উদ্যোক্তাদের লক্ষ্য, এবারের আয়োজনে প্রায় ৫০০ টন আম বিক্রি করা। রাজধানীতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হওয়ায় এই মেলার মাধ্যমে মালদহের আমের পরিচিতি আরও বাড়বে। এছাড়াও দেশ-বিদেশের বাজারে রফতানির সম্ভাবনাও জোরদার হবে এবং ভবিষ্যতে জেলার আমচাষি ও ব্যবসায়ীদের জন্য নতুন বাজার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।