Last Updated:
Doctor’s Unnatural Death inside Car: রাজস্থানের জয়পুরের একটি বন্ধ গাড়ির ভিতর থেকে সাওয়াই মান সিং (এসএমএস) মেডিক্যাল কলেজের এক রেসিডেন্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
জয়পুর: রাজস্থানের জয়পুরে চাঞ্চল্যকর ঘটনা। সাওয়াই মান সিং (এসএমএস) মেডিক্যাল কলেজের এক রেসিডেন্ট চিকিৎসকের দেহ তাঁর গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ির পেট্রোল শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় গাড়ির ভিতরে আটকে থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। কীভাবে ঘটল এই রহস্যমৃত্যু, তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম সন্দীপ কুমার শর্মা (৩৭)। তিনি ঝুনঝুনু জেলার উদয়পুরবতীর বাসিন্দা এবং সাওয়াই মান সিং মেডিক্যাল কলেজের চর্মরোগ (ডার্মাটোলজি) বিভাগের রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, সোমবার সকালে নিজের গাড়ি চালিয়ে তিনি ফ্রন্টিয়ার কলোনিতে আসেন ওই ব্যক্তি। এরপর থেকে গাড়িটি একটি বাড়ির সামনে দীর্ঘ সময় ধরে পার্ক করা অবস্থায় ছিল। বহুক্ষণ গাড়িটি একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। দুপুর প্রায় এক’টা নাগাদ তাঁরা গাড়ির ভিতরে উঁকি দিয়ে দেখেন, চালকের আসনে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
আদর্শনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (এসএইচও) মনীশ গুপ্তা জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং গাড়িটিও খতিয়ে দেখা হচ্ছে। এই রহস্যমৃত্যুর ঘটনায় চিকিৎসক মহল ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।
Kolkata,West Bengal
Jun 30, 2026 12:16 PM IST
