Last Updated:
Earthquake: আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে জোরালো ভূমিকম্পের জেরে কেঁপে উঠল ভারতের একাধিক রাজ্য়। শনিবার সন্ধ্যায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৭টা ৪ মিনিটে কম্পন অনুভূত হয়।
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার সন্ধ্যায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিট নাগাদ হওয়া এই ভূমিকম্পের কম্পন ভারতের একাধিক রাজ্যেও টের পাওয়া যায়। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে কালাফগান শহর থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২১৫ কিলোমিটার।
শুধু আফগানিস্তান বা ভারতই নয়, পাকিস্তান, চিন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের উত্তরাঞ্চলেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন বাসিন্দারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান বা ভারতে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
তবে এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগেই একের পর এক চারটি ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। প্রায় চার ঘণ্টার ব্যবধানে হওয়া এই কম্পনগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫, বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে পাকিস্তানে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। একই অঞ্চলে পরে আরও দুটি কম্পন রেকর্ড করা হয়, যার মাত্রা ছিল যথাক্রমে ৪.৫ এবং ৪.৭। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পগুলির জেরে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উল্লেখ্য, এর কয়েক দিন আগেই বিরল ‘ডাবল আর্থকোয়েক’-এর সাক্ষী হয় ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। সেই বিপর্যয়ে অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩,৩৬০ জন এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
