Last Updated:
East Bardhaman News: অপরাধ দমনে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অভিযান অব্যাহত। জেলার বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ঘটনার জেরে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় শান্তিরপরিবেশ ফেরাতে উদ্যোগী প্রশাসন।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: অপরাধ দমনে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অভিযান অব্যাহত। জেলার বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার চারটি অত্যাধুনিক দেশীয় পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। সোমবারই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে মেমারির কাশিয়ারা এলাকার বাসিন্দা শামিম খানকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশী পাইপ গান ও গুলি উদ্ধার করে। একইভাবে খণ্ডঘোষের উখরিদে অভিযান চালিয়ে আলী হোসেন মন্ডল ওরফে নটু নামে এক দুষ্কৃতীকে আটক করে খণ্ডঘোষ থানার পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকেও উদ্ধার হয় একটি দেশী পাইপগান ও এক রাউন্ড গুলি।
অন্যদিকে, রায়নার বেলসর পশ্চিমপাড়ায় অভিযান চালায় রায়না থানার পুলিশ। সেখানে শেখ আজহারউদ্দিন ওরফে আজা নামে একজনকে আটক করা হলে তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশী পাইপ গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। অপরদিকে, বর্ধমান শহরের দুবরাজদিঘী এলাকায় অভিযান চালিয়ে আসাদুল খান নামে এক দুষ্কৃতীকে আটক করে বর্ধমান থানার পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় দুই রাউন্ড গুলি।
আবার,জামালপুরে হুমকি ও তোলাবাজির অভিযোগে ধৃত শেখ শাহাবুদ্দিন ওরফে দানিকে পুলিশি হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশী পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবারই তাদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। জেলাজুড়ে শান্তি বজায় রাখতে পুলিশের এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানা গেছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
East Bardhaman News: জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি চালাতেই তদন্তকারীদের চোখ কপালে উঠল! গোপন কারবারের পর্দাফাঁস
