Last Updated:
Electrocuted Death: স্ত্রীর গোঙানি ও আর্তনাদ শুনে ছুটে আসেন স্বামী জগন্নাথ। স্ত্রীকে ওই অবস্থা থেকে খালি হাতে উদ্ধার করতে গেলে তিনিও প্রবল বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়েন। অচৈতন্য হয়ে পড়েন দু’জনেই। হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূকে মৃত ঘোষণা করা হয়।
ঘাটাল, রঞ্জন চন্দ: ভোররাতে স্নান সেরে ভিজে কাপড় মেলতে গিয়েছিলেন স্ত্রী। আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন, চোখের সামনে স্ত্রীকে ছটফট করতে দেখে বাঁচাতে ছুটে গিয়েছিলেন স্বামী। কিন্তু শেষরক্ষা হল না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের প্রসাদচক গ্রামের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম পাপিয়া সিং (২৮)। তাঁর স্বামী জগন্নাথ সিং বর্তমানে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনাটি ঘটে ভোর চারটে নাগাদ। স্নান সেরে বাড়ির নির্দিষ্ট জায়গায় তারে ভিজে কাপড় মেলতে গিয়েছিলেন পাপিয়া। পরিবারের এক সদস্য জানান, কয়েকদিন আগের ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছিল। কোনওভাবে সেই কাটা তারের সংস্পর্শে চলে আসে জামাকাপড়, সেই তারটি বিদ্যুতায়িত হয়েছিল। অন্ধকারে বিষয়টি বুঝতে পারেননি ওই গৃহবধূ। ভিজে কাপড় হাতে সেখানে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন।
স্ত্রীর গোঙানি ও আর্তনাদ শুনে ছুটে আসেন স্বামী জগন্নাথ। স্ত্রীকে ওই অবস্থা থেকে খালি হাতে উদ্ধার করতে গেলে তিনিও প্রবল বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়েন। অচৈতন্য হয়ে পড়েন দু’জনেই। কিছুক্ষণের মধ্যেই পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ছুটে আসেন প্রতিবেশীরাও। তড়িঘড়ি তাঁদের দু’জনকেই উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পাপিয়া সিংকে মৃত বলে ঘোষণা করেন।
Paschim Medinipur,West Bengal
Electrocuted Death: জামাকাপড় মেলতেই হাত আটকে ছটফট করছে স্ত্রী, বাঁচাতে গিয়ে গুরুতর জখম স্বামীও, ঘাটালে মর্মান্তিক কাণ্ড
