Last Updated:
EVM Strong Room: গণনা কেন্দ্রের দেওয়াল বেয়ে উঠছেন এক ব্যক্তি, এক ব্যক্তি গণনা কেন্দ্রের ছাদে দাঁড়িয়ে আছেন, রাতে গণনা কেন্দ্রের ছাদে উঠছেন কারা? নিরপত্তা নিয়ে সরব বিজেপি, তৃণমূল দুই পক্ষই।
বর্ধমান, সায়নী সরকার: গণনা কেন্দ্রের দেওয়াল বেয়ে উঠছেন এক ব্যক্তি, এক ব্যক্তি ছাদে দাঁড়িয়ে! রাতের অন্ধকারে গণনা কেন্দ্রের ছাদে উঠছেন কারা? নিরাপত্তা নিয়ে সরব বিজেপি। গণনা কেন্দ্রের দেওয়াল বেয়ে উঠছেন এক ব্যক্তি, ছবি দেখিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। অন্যদিকে, বর্তমান সময়ের সঙ্গে সিসি ক্যামেরার ডিসপ্লে-তে ওঠা সময় মিলছে না, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলও।
বর্ধমানের ইউআইটি গণনা কেন্দ্রের ঘটনা। অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইউনিভারসিটি ইনস্টিটিউট অব টেকনোলজি (ইউআইটি), বর্ধমান উত্তর-মহকুমার ৫ বিধানসভার ইভিএম রয়েছে এই স্ট্রং রুমে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় স্ট্রং রুম-সহ পুরো বিল্ডিংয়ে বন্দুক হাতে ২৪ ঘণ্টা প্রহরা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রবেশদ্বার ও নির্দিষ্ট অংশে দায়িত্বে রয়েছেন সশস্ত্র রাজ্য পুলিশ। তারই মধ্যে বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস একটি ভিডিও প্রকাশ করেছেন।
সঞ্জয় দাসের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি দড়ির সাহায্যে বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে ছাদে উঠছেন। ছাদের উপর আগে থেকেই আরও এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।এই ভিডিও প্রকাশ করে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি প্রার্থী অভিযোগ করেন ছাদে অচেনা ব্যক্তিদের উঠতে দেখা যাচ্ছে তারা সেখানে উঠছে কীভাবে? পাশাপাশি বিল্ডিংয়ের ভিতর থেকে কিছু ভাঙার মতো জোরে আওয়াজ হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে গতকাল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে গিয়েছিল বলেও অভিযোগ করেন। স্ট্রং রুমের নিরাপত্তায় গাফিলতি রয়েছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি।
অন্যদিকে, অন্যদিকে নিরাপত্তা ইস্যুতে সরব তৃণমূলও। সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে অভিযোগ তুলে জেলা টিএমসিপির সভাপতি স্বরাজ ঘোষের দাবি, দুটি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বর্তমান সময়ের সঙ্গে ১-২ মিনিট আগে চলছে। নিরাপত্তা নিয়ে সরব হয়ে তৃণমূলের অভিযোগ, বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। এই ধরনের প্রযুক্তিগত ত্রুটি নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি করছে। যদিও জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন গণনা কেন্দ্রের বিভিন্ন ঘরে এসি বসানোর কাজ চলছে, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজও করা হচ্ছে, ফলে টেকনিশিয়ান বলে দাবি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের পুরো বিষয়টি জানানো হয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত প্রটোকল মেনেই কাজ করা হচ্ছে। ৪ মে ভোট গণনার আগেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে পূর্ব বর্ধমানে।
Barddhaman,West Bengal
May 02, 2026 11:13 AM IST
EVM Strong Room: গণনা কেন্দ্রের দেওয়াল বেয়ে উঠছেন ‘ইনি’ কে…! বর্ধমানে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তুঙ্গে তরজা, জানা গেল আসল ঘটনা…
