Last Updated:
Fish Cultivation: মৎস্য উৎপাদনের জন্য বিখ্যাত বসিরহাটে এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘হেলিকপ্টার মাছ’ বা সাকার মউথ ক্যাটফিশ। নদী-খাল পেরিয়ে এই বিদেশি অনুপ্রবেশকারী এখন চাষের পুকুরে হানা দিয়ে দেশি মাছের বংশ ধ্বংস করছে, যার জেরে বিপন্ন উত্তর ২৪ পরগনার মৎস্য শিল্প।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিদেশি সাকার মাছের আগ্রাসনে বিপাকে বসিরহাটের মাছ চাষিরা। উত্তর ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন বসিরহাট মহকুমা দীর্ঘদিন ধরেই মৎস্য উৎপাদনের জন্য বিশেষ পরিচিত। বিস্তীর্ণ জলাশয়, নদী-খাল এবং মৃদু লবণাক্ত জল এই অঞ্চলের মাছ চাষকে সমৃদ্ধ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এক বিদেশি প্রজাতির মাছের দাপটে উদ্বেগ বাড়ছে মৎস্যচাষিদের মধ্যে। বিভিন্ন জলাশয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে সাকার মাউথ ক্যাটফিশ, যা স্থানীয়দের কাছে ‘হেলিকপ্টার মাছ’ নামেই বেশি পরিচিত।
মূলত অ্যাকুরিয়ামে শৌখিনভাবে পালনের জন্য আনা হলেও বর্তমানে এই মাছ নদী, খাল, পুকুর এবং চাষের ভেড়িতে অবাধে বিস্তার লাভ করেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সদস্য জানান, এই মাছ দ্রুত দমন করা দরকার, নইলে আগামী দিনে বাস্তুতন্ত্রের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে। সেজন্য প্রয়োজনে এই মাছ উদ্ধার হলে তার গর্ত করে মাটি চাপা দিতে হবে। অথবা সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দেখতে শান্ত স্বভাবের হলেও এই মাছ স্থানীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। জলজ পোকামাকড়, শ্যাওলা এবং ছোট মাছ ও মাছের পোনা খেয়ে ফেলায় দেশীয় মাছের খাদ্য সংকট তৈরি হচ্ছে। এছাড়াও সাকার মাছের ধারালো পাখনা অন্যান্য মাছকে সহজেই আঘাত করে। সেই আঘাত থেকে সংক্রমণ ছড়িয়ে বহু মাছ মারা যাওয়ার ঘটনাও ঘটছে। ফলে রুই, কাতলা, মৃগেল-সহ বিভিন্ন দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ মৎস্যচাষিদের।
North Twenty Four Parganas,West Bengal