Last Updated:
রানওয়েতে ঢুকে পড়া এক ব্যক্তিকে ধাক্কা দেয় ফ্রন্টিয়ার এয়ারলাইনসের ফ্রন্টিয়ার ফ্লাইট ৪৩৪৫৷ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) একটি অডিওতে ধরা পড়েছে সেই আতঙ্কিত মুহূর্ত৷
ডেনভার: ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা৷ রানওয়েতে ঢুকে পড়া এক ব্যক্তিকে ধাক্কা দেয় ফ্রন্টিয়ার এয়ারলাইনসের ফ্রন্টিয়ার ফ্লাইট ৪৩৪৫৷ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) একটি অডিওতে ধরা পড়েছে সেই আতঙ্কিত মুহূর্ত৷ দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে রানওয়েতে দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে৷
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি নিরাপত্তা বেড়া টপকে সক্রিয় রানওয়েতে ঢুকে পড়েন। স্থানীয় সময় রাত প্রায় ১১টা ১৯ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় বিমানটি চলন্ত অবস্থায় ছিল। ATC অডিওতে শোনা যায়, ফ্রন্টিয়ার ফ্লাইট ৪৩৪৫-এর পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান যে বিমানটি একজনকে ধাক্কা মারার পর রানওয়েতেই থেমে গিয়েছে এবং একটি ইঞ্জিনে আগুন লেগেছে।
ওই অডিওতে পাইলটকে বলতে শোনা যায়, “টাওয়ার, ফ্রন্টিয়ার ৪৩৪৫ বলছি…আমরা রানওয়েতে থেমে গেছি। আমরা একজনকে ধাক্কা মেরেছি… আমাদের একটি ইঞ্জিনে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কর্মীরা নিশ্চিত করেন যে রানওয়েতে মানবদেহের অংশ দেখা যাচ্ছে।
এক কর্মী ATC যোগাযোগে বলেন, “রানওয়েতে দেহের অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখছি। মনে হচ্ছে বিমানটি একজন ব্যক্তিকে আঘাত করেছে। রানওয়েতে মানবদেহের অবশিষ্টাংশ রয়েছে।” FlightAware-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৪৯ মাইল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ব্যক্তির শরীরের একটি অংশ বিমানের ইঞ্জিনের মধ্যে টেনে নেওয়া হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ওই বিমানের যাত্রী জন অ্যানথেন্স জানান, প্রথমে অনেক যাত্রী বুঝতেই পারেননি কী ঘটেছে। কিন্তু হঠাৎ জোরালো বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়, শিশুরা কাঁদতে শুরু করে এবং কেবিনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৫৬ বছর বয়সী অ্যানথেন্স, যিনি তাঁর ছেলেদের সঙ্গে একটি পোকেমন গো টুর্নামেন্টে যাচ্ছিলেন, বলেন শব্দটি ছিল যেন “বোমা বিস্ফোরণের” মতো। তিনি জানান, ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখেন এবং দ্রুত কেবিনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।
অ্যানথেন্সের ছেলে বলেন, “ইঞ্জিনে আগুন লাগার পর বাবা দেখেছিলেন, একজন মানুষের পা ইঞ্জিনের ভিতরে ঘুরছে… এটা নিঃসন্দেহে ভয়ঙ্কর মানসিক আঘাতের মতো।” ঘটনার পর ফ্রন্টিয়ার এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা এই ঘটনার তদন্ত করছি এবং বিমানবন্দর ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে আরও তথ্য সংগ্রহ করছি। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।”
Kolkata,West Bengal
