Last Updated:
Nadia Football Success Story: পরিকাঠামোর চরম অভাব, বর্ষায় কাদা আর গরমে শুকনো মাঠ, কোনও প্রতিকূলতাই থামাতে পারেনি ফুলিয়ার কিশোরদের। এক চিলতে মাঠ আর ফুটবলপ্রেমী মানুষের ব্যক্তিগত উদ্যোগে এখান থেকেই উঠে আসছে শিবং, আয়ুষ, ত্রিদিবদের মতো রাজ্য ও জাতীয় স্তরের ফুটবল নক্ষত্ররা। অভাবের পিচ গলে ফুলিয়ার এই ফুটবল রূপকথা আজ বড় মঞ্চ কাঁপাতে প্রস্তুত।
ফুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: বিকেলের নরম আলো তখন ধীরে ধীরে নেমে আসে ফুলিয়ার মাঠে। দূর থেকে ভেসে আসে ফুটবলে লাথির শব্দ, ছেলেদের চিৎকার আর স্বপ্নের দৌড়। সবুজ ঘাসের বুক চিরে ছুটে চলা কিশোরদের চোখে তখন একটাই লক্ষ্য একদিন বড় মঞ্চে নিজের নাম লেখা। দারিদ্র্য, অভাব কিংবা অনিশ্চয়তা তাদের থামাতে পারেনি। ফুটবলই যেন তাদের জীবনের ভাষা, বেঁচে থাকার সাহস।
ফুলিয়ার সংহতি ফুটবল অ্যাকাডেমির এই ছোট্ট মাঠ আজ বহু প্রতিভার জন্ম দিচ্ছে। অল্প সুযোগ-সুবিধার মধ্যেও এখান থেকেই উঠে এসেছে একাধিক ফুটবলার, যারা ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের পরিচয় তৈরি করতে শুরু করেছে। এখানকার শিক্ষার্থী অনেকেই জুনিয়ার আই লীগের স্বপ্ন দেখাচ্ছে। আয়ুষ ঘোষ বর্তমানে জামশেদপুর এফসি-এর সঙ্গে যুক্ত। রোহিত বিশ্বাস খেলছে অ্যাডামাস-এর দলে। শিবং ঘোষ আই লিগের একটি দলে খেলার পাশাপাশি অনূর্ধ্ব-১৬ বাংলা দলের প্রতিনিধিত্ব করেছে জাতীয় প্রতিযোগিতায়। জাতীয় দলের ট্রায়ালেও ডাক পেয়েছিল সে। সৌম্য সূত্রধরও অ্যাডামাস দলের জুনিয়র আই লিগে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছে। ত্রিদিব ঘোষ সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল জুনিয়র দলে এবং জুনিয়র আই লিগেও খেলছে। শিবংয়ের গল্প যেন আরও বেশি আবেগের। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সে। মামার বাড়িতে মানুষ হওয়া এই কিশোরের কাছে ফুটবল শুধু খেলা নয়, নিজের জীবন বদলে দেওয়ার লড়াই। মাঠে নামলেই তার চোখেমুখে ফুটে ওঠে জেদ আর আত্মবিশ্বাস।
তবে এই স্বপ্নযাত্রার পথ মোটেও সহজ নয়। সংহতি ফুটবল অ্যাকাডেমির নেই আধুনিক পরিকাঠামো, নেই উন্নত প্রশিক্ষণের সরঞ্জাম। বর্ষায় মাঠ কাদায় ভরে যায়, গরমে ঘাস পুড়ে যায়। তবুও প্রতিদিন সন্ধ্যায় সেই মাঠেই ছুটে আসে কিশোরেরা। কারণ তাদের কাছে এই মাঠই স্বপ্নের প্রথম সিঁড়ি। সবচেয়ে বড় আক্ষেপ, এখনও পর্যন্ত সরকারি বা প্রশাসনিকভাবে উল্লেখযোগ্য কোনও সহায়তা মেলেনি। স্থানীয় পঞ্চায়েত থেকেও বিশেষ সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। কয়েকজন ফুটবলপ্রেমী ও উৎসাহী মানুষের ব্যক্তিগত উদ্যোগেই চলছে কোচিং ক্যাম্প।
Nadia,West Bengal