Last Updated:
Gold Hallmarking Fee: সোনার হলমার্কিং ফি ৬৬.৭ শতাংশ বাড়ল। প্রতি গোল্ড আর্টিকেলে ৪৫ টাকার বদলে এবার ৭৫ টাকা দিতে হবে। এই বাড়তি খরচে গয়নার দাম বাড়তে পারে কি না, জেনে নিন।
সোনা কেনার পরিকল্পনা করছিলেন ? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর ৷ সামনে এসেছে হলমার্কিং নিয়ে বড় আপডেট । বাড়ানো হল ৬৬.৭ শতাংশ গোল্ড হলমার্কিংয়ের ফি । নতুন হারে এবার গোল্ড আর্টিকেলের হলমার্কিংয়ের জন্য ৪৫ টাকার পরিবর্তে প্রতি আর্টিকেল ৭৫ টাকা ফি দিতে হবে। নতুন হার ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে, সিলভার আর্টিকেলের হলমার্কিং ফি প্রতি আর্টিকেল ৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। গোল্ড কনসাইনমেন্টের ক্ষেত্রে ন্যূনতম ফি হবে ২০০ টাকা।
হলমার্কিং হল মূল্যবান ধাতু দিয়ে তৈরি গয়না বা অন্য কোনও আর্টিকেলে থাকা ধাতুর বিশুদ্ধতা বা ফাইননেস নির্ভুলভাবে নির্ধারণ করা এবং তার সরকারি রেকর্ড রাখা। BIS-এর মতে, হলমার্ক গ্রাহককে সোনা বা রুপোর বিশুদ্ধতা সম্পর্কে তৃতীয় পক্ষের বিশ্বাসযোগ্যতা প্রদান করে। বর্তমানে গোল্ড জুয়েলারির হলমার্কে BIS-এর লোগো, সোনার ক্যারেট/ফাইননেস এবং ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID থাকে।
হলমার্কিংয়ের প্রক্রিয়ায় জুয়েলার গয়না BIS অনুমোদিত Assaying & Hallmarking Centre অর্থাৎ A&H Centre-এ পাঠান। সেখানে গয়নাটি পরীক্ষা করা হয় এবং নির্ধারিত মান অনুযায়ী বিশুদ্ধতা পাওয়া গেলে তার উপর হলমার্ক দেওয়া হয়।
হলমার্কিংয়ের ফি ৪৫ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হওয়ায় প্রতি গোল্ড আর্টিকেলের হলমার্কিং খরচ ৩০ টাকা বাড়বে। BIS-এর নিয়ম অনুযায়ী, হলমার্কিংয়ের ফি গয়নার ওজনের ভিত্তিতে নয়, প্রতি আর্টিকেল হিসেবে নেওয়া হয়। তাই একটি আর্টিকেলের ওজন কম বা বেশি হলেও এই ফিতে কোনও পরিবর্তন হবে না।
এই ফি বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে জুয়েলার এবং হলমার্কিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত খরচের উপর। জুয়েলার চাইলে এই অতিরিক্ত খরচ নিজের খরচের মধ্যে রাখতে পারেন অথবা গ্রাহকের কাছ থেকে নিতে পারেন। তবে শুধুমাত্র হলমার্কিং ফি ৩০ টাকা বাড়ার অর্থ এই নয় যে প্রত্যেক গ্রাহকের বিলেই বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ৩০ টাকা যোগ হবে। গ্রাহকের উপর প্রকৃত প্রভাব নির্ভর করবে জুয়েলার কীভাবে এই অতিরিক্ত খরচ বহন করছেন তার উপর।
উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও জুয়েলারের ১০০টি গোল্ড আর্টিকেল হলমার্ক করাতে হবে। পুরনো ৪৫ টাকা হারে হলমার্কিং ফি ছিল ৪,৫০০ টাকা। নতুন ৭৫ টাকা হারে একই ১০০টি আর্টিকেলের জন্য খরচ হবে ৭,৫০০ টাকা। অর্থাৎ ১০০টি আর্টিকেলের ক্ষেত্রে অতিরিক্ত খরচ হবে ৩,০০০ টাকা।
গ্রাহকদের কী জানা জরুরি?
হলমার্কিং ফি সোনার বাজারদর, মেকিং চার্জ বা ওয়েস্টেজ চার্জের থেকে আলাদা। BIS-এর FAQ অনুযায়ী, হলমার্কিং ফি-র মধ্যে মেকিং এবং ওয়েস্টেজ চার্জ অন্তর্ভুক্ত থাকে না। জুয়েলার চাইলে এই চার্জ গ্রাহকের কাছ থেকে নিতে পারেন অথবা ছাড় হিসেবেও দিতে পারেন।
হলমার্কিং সোনার বিশুদ্ধতা সম্পর্কে তথ্য দেয়। তাই গয়না কেনার সময় হলমার্কযুক্ত জুয়েলারি কেনার পরামর্শ দেওয়া হয়।
