Last Updated:
Home Based Food Business: নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণে পাশে প্রশাসন। হস্তশিল্প ও ছোট ব্যবসার প্রসার ঘটিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় স্বনির্ভরতার নতুন জোয়ার আনতে অভিনব প্রচার কর্মসূচি চালাল জেলা প্রশাসন।
তমলুক, সৈকত শী: শিক্ষিত বর্তমান সময়ে বেকার যুবক-যুবতী থেকে গৃহবধূদের স্বনির্ভর করে তুলতে সচেষ্ট কেন্দ্র ও রাজ্য সরকার। স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এবার স্বনির্ভরতায় জোর দেওয়া হল। ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নতুন উদ্যোক্তা তৈরি লক্ষ্যে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের উদ্যোগে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস এবং প্রধানমন্ত্রী কিষান সম্পদ যোজনার অধীনে কাজ শুরু হল জেলায়।
জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভায় এই দু’টি প্রকল্পের সুবিধা দিতে কর্মশালা আয়োজন করা হয়েছে। শহীদ মাতঙ্গিনী ও তমলুক ব্লক-সহ জেলার ছয়টি ব্লকে কৃষক, ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সরকারি ঋণ, ভর্তুকি, প্রকল্পে আবেদনের নিয়ম এবং ব্যবসা গড়ে তোলার নানা দিক নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়। আবেদনকারীদের জন্য ছিল অন-দ্য-স্পট অনলাইন নিবন্ধনের ব্যবস্থাও। পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে কোথাও কাজু প্রসেসিং চলছে কোথাও আবার চাল থেকে মুড়ি তৈরির কাজ চলছে। আবার বাড়িতে কেউ চকলেট কেক তৈরি করে ব্যবসা শুরু করেছে। তাদের ব্যবসা একদিকে বাড়ানোর লক্ষ্য ও অন্যদিকে কর্মসংস্থানের লক্ষ্যেই এগিয়ে এল প্রশাসন।
এ বিষয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, “আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা মানুষ এবং কর্মসংস্থানহীন যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কী ভাবে ব্যাংক ঋণ পাওয়া যাবে, কত শতাংশ ভর্তুকি মিলবে, প্রয়োজনীয় নথি, ঋণ পরিশোধের নিয়ম—সবই শিবিরে বিশদে জানানো হচ্ছে।” শুধু সরকারি প্রকল্পের তথ্য নয়, শিবিরে সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। মাশরুম, সবজি, পান-সহ বিভিন্ন ফসল চাষ করে লাভের মুখ দেখা কৃষকদের সাফল্যের কাহিনি শোনানো হয়। যার ফলে পূর্ব মেদিনীপুর জেলায় এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগপতিরা আরও এগিয়ে আসে।
গৃহবধূদের জন্য বড়ি, পাপড়, আচার-সহ গৃহভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হওয়ার পথও দেখানো হয়। কয়েকশো কৃষক, ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সহজ শর্তে ঋণ এবং ঋণে বিশেষ ভর্তুকি দিচ্ছে সরকার। পূর্ব মেদিনীপুর জেলায় বেকারত্ব কমাতে এই প্রকল্পকে জোর দেওয়া হয়েছে। তমলুক ব্লকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ ধরনের উদ্যোগপতিদের ঋণের শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক ও তমলুক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ দত্ত-সহ অন্যান্যরা।
Purba Medinipur,West Bengal
Home Based Food Business: গৃহবধূদের আয়ের নয়া সুযোগ! হোম-মেড ফুড প্রসেসিংয়ে দুর্দান্ত অফার, ভর্তুকির সঙ্গে সরকারি ঋণ দিচ্ছে প্রশাসন