Last Updated:
IIT Kharagpur: গ্রামীণ ও শহর অঞ্চলের জঞ্জাল সমস্যার স্থায়ী সমাধানে এবার বড় পদক্ষেপ। আইআইটি খড়গপুরের প্রযুক্তিগত সহায়তায় মেদিনীপুর ও খড়গপুরে শুরু হতে চলেছে জোড়া পাইলট প্রজেক্ট, যা সফল হলে রূপ বদলে যাবে পুরো পশ্চিমবঙ্গের।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: রাজ্যের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার হাল ফেরাতে এবার খড়গপুর আইআইটি-র দ্বারস্থ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। মন্ত্রী দিলীপ ঘোষের উদ্যোগে মেদিনীপুর ও খড়গপুর শহরের বর্জ্য সমস্যা মেটাতে একটি পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে খোদ মন্ত্রী জানিয়েছেন, শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বর্জ্য এবং দূষণ একটি বড় সমস্যা। নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডের অভাবে যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে। এর স্থায়ী সমাধানে জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে তার সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। সেই লক্ষ্যেই খড়গপুর আইআইটি সঙ্গে কোলাবরেশন করে নতুনভাবে কাজের রূপরেখা তৈরি করা হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন, পূর্বতন সরকারের আমলে এই কাজের জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে টাকা দেওয়া হলেও তার কোনও সঠিক রূপায়ণ হয়নি। টাকা নয়ছয় হয়েছে। কোথাও কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে আছে, তো কোথাও বর্জ্য তোলার গাড়ি কেনা হলেও চালক নেই। পুরসভাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ আগের সংস্থাগুলিও কোনো কাজ করেনি। তাই এবার পুরনো ব্যবস্থা বাতিল করে নতুন মডেলে হাঁটতে চাইছে রাজ্য। গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনার জন্য এমন একটি সংস্থার সঙ্গে কথা হয়েছে, যারা বর্জ্য নিয়ে যাওয়ার জন্য সরকারের থেকে টাকা নেওয়ার বদলে উল্টে সরকারকেই টাকা দেবে। সংগৃহীত বর্জ্য থেকে তারা বিভিন্ন জৈব সার প্রস্তুত করবে।
Paschim Medinipur,West Bengal
