Last Updated:
Viral Video: বর্ষার ভিজে রাস্তায় বাইক চালানোর সময় একটু পিছন ফিরে তাকাতেই ভারসাম্য হারালেন চালক, গাড়ি ধেয়ে গেল বিপজ্জনক খাদের দিকে! কার্শিয়াংয়ের পাহাড়ি রাস্তায় ঘটে যাওয়া এই মারাত্মক অসতর্কতার রুদ্ধশ্বাস ঘটনা সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে জোর চর্চা।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দার্জিলিং জেলার কার্শিয়াং ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি রাস্তায় ঘটে যাওয়া এক রুদ্ধশ্বাস মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা রাস্তায় একটি বাইক চালানোর সময় চালক হঠাৎ পিছন ফিরে তাঁর সঙ্গীর দিকে তাকান। আর সেই এক মুহূর্তের অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে বসেছিল।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পিছনে তাকানোর সঙ্গে সঙ্গেই বাইকের ভারসাম্য নষ্ট হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারের খাদমুখী অংশের দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল, এবার হয়ত বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু শেষ মুহূর্তে চালক ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নেন এবং বড় বিপদ এড়াতে সক্ষম হন।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় নির্দিষ্ট লেনে থাকা, নিয়ন্ত্রিত গতিতে চলা এবং সম্পূর্ণ মনোযোগ রাস্তার উপর রাখা অত্যন্ত জরুরি। বর্ষাকালে বাইকের টায়ার, ব্রেক এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে তবেই যাত্রা শুরু করা উচিত।
একটি ভাইরাল ভিডিও শুধুই কয়েক সেকেন্ডের রোমাঞ্চ নয়, অনেক সময় তা বড় শিক্ষা দিয়েও যায়। কার্শিয়াংয়ের এই ঘটনাও মনে করিয়ে দিল, পাহাড়ে গাড়ি চালানোর সময় এক মুহূর্তের অসাবধানতা জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোই হতে পারে সবচেয়ে বড় সতর্কতা।
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal