Last Updated:
INDIA Alliance: পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট। কংগ্রেসের উদ্যোগে ডাকা এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হতে পারে।
নয়াদিল্লিঃ পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল পর্যালোচনা এবং বিরোধীদের পরবর্তী স্ট্র্যাটেজি চূড়ান্ত করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট। বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস সূত্রে খবর, সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বাংলায় তৃণমূলের হারের পর ইন্ডিয়া শরিক দলগুলি “ভোট চুরি”র বিষয়ে প্রশ্ন তুলে তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ইতিমধ্যেই। কিন্তু সেই “ভোট চুরি” কীভাবে হচ্ছে এবং সেটা ঠেকাতে বিরোধীদের কী স্ট্র্যাটেজি হওয়া উচিত তা নিয়েই পর্যালোচনা করা হবে এই বৈঠকে বলে খবর।
তৃণমূলের হারের পর রাহুল গান্ধি মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘কংগ্রেসের কেউ কেউ এবং আরও অনেকে তৃণমূলের পরাজয় নিয়ে উল্লাস করছেন। তাদের এই বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করা প্রয়োজন, অসম ও বাংলার জনরায় চুরি করাটা হল ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে বিজেপির একটি বড় পদক্ষেপ। তুচ্ছ রাজনীতি একপাশে সরিয়ে রাখুন। এটি কোনও নির্দিষ্ট একটি দল বা অন্য কোনও দলের বিষয় নয়; এটি হল গোটা দেশের বিষয়।’’
Kolkata,West Bengal
