Last Updated:
India Bangladesh Border Fencing: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সীমান্ত সুরক্ষায় বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বিএসএফ-কে জমি হস্তান্তরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫৫০ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: জমি দেবে সীমান্তবর্তী এলাকার মানুষ। কারণ এবার শান্তিতে থাকতে পারবেন তারা। রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে তিনি ঘোষণা করেছেন, সীমান্ত সুরক্ষায় আর দেরি নয়। আগামী ৪৫ দিনের মধ্যেই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মুর্শিদাবাদের রানীনগর, ভগবানগোলা, লালগোলা, জলঙ্গির মতো সীমান্ত লাগোয়া এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষের চোখে-মুখে এখন স্বস্তির হাসি। স্থানীয়দের কথায়, শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, গরু পাচার, জাল ওষুধ, মাদক পাচারকারীতে ভরে গিয়েছিল এলাকা। কাঁচা টাকার লোভে স্কুলপড়ুয়ারাও জড়িয়ে পড়ত মাদকপাচার চক্রে। তাদের মতে, সীমান্ত সুরক্ষিত হলে, সুরক্ষিত হবে তাঁদের জীবনও।
পশ্চিমবঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ২২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১৬৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিএসএফের পক্ষে কাঁটাতারের বেড়া লাগানো সম্ভব হয়েছে। বাকি প্রায় ৫৫০ কিলোমিটারের মধ্যে ১১৩ কিলোমিটার এলাকায় বিএসএফের তরফ থেকে কাঁটাতার দেওয়া সম্ভব নয়। কারণ এই এলাকায় গঙ্গা-পদ্মা এবং ইছামতির মতো নদী দুই দেশের সীমান্ত ভাগ করেছে। বাকি যে অংশে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব সেই জমি এতদিন রাজ্য সরকার বিএসএফের হাতে তুলে দিচ্ছিল না বলে বারে বারে অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদ জেলায় ফরাক্কা-সামশেরগঞ্জ থেকে শুরু করে জলঙ্গি পর্যন্ত বিস্তীর্ণ অংশে কোথাও গঙ্গা-পদ্মা নদী এবং কোথাও বিস্তীর্ণ চরের জমি আর কোথাও সাধারণ ভূখণ্ড ভারত-বাংলাদেশের সীমা নির্ধারণ করেছে। বিএসএফের তরফ থেকে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছুটা অংশে কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হলেও জমি জটে আটকে ছিল রানীনগর-সহ অন্যান্য বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ।
দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে মুর্শিদাবাদ জেলা দিয়ে একদিকে বাংলাদেশ থেকে যেমন অবাধে অনুপ্রবেশ হয়ে চলেছে ,তেমনই দুই দেশের সীমান্তবর্তী বেশ কিছু গ্রাম চোরচালানকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকার এক শ্রেণীর অসাধু জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে বেআইনিভাবে রেশন কার্ড ,আধার কার্ড-সহ অন্যান্য ভারতীয় নথি তৈরীর কাজ একশ্রেণীর মানুষ ফেঁদে বসেছে। এছাড়াও একসময় মুর্শিদাবাদ জেলা দিয়ে দুই দেশের মধ্যে অবাধে পশু চোরাচালান হয়েছে। অভিযোগ রয়েছে, এখনও কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই পশু-সহ গোপনে মাদক, বহু ধরণের ওষুধ, খাদ্যদ্রব্য-সহ অন্যান্য প্রচুর জিনিস বেআইনিভাবে বাংলাদেশে পাচার হয়।
এর পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের বড় চিন্তার কারণ বাংলাদেশি দুষ্কৃতীরা। জমি জটের কারণে যে সমস্ত এলাকায় বিএসএফের তরফ থেকে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি সেখানে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে বাংলাদেশি দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তে প্রবেশ করে কৃষকদের ফসল কেটে নিয়ে চলে যায়।
মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় প্রামাণিক বলেন, “এখানে সিংপাড়া থেকে এক কিলোমিটার মতো এলাকায় কিছুটা কাঁটাতারের বেড়া তৈরীর কাজ হলেও শেখপাড়া, কাহারপাড়া, দুর্গাপুর, হারুডাঙ্গা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরে আমরা চাইছিলাম এই এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়ে দিক। কিন্তু তৃণমূল সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি। তার ফলে রাতের অন্ধকারে কখনও নৌকা করে ,আবার কখনও পায়ে হেঁটে সীমান্ত পার করে বাংলাদেশি দুষ্কৃতীরা এই দেশে এসে অপরাধ করে পালিয়ে যেত। তার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলগুলো দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছিল। বিএসএফ সীমান্তে বেড়া দিলে আমরা সমস্ত অত্যাচার থেকে মুক্তি পাব।”
Murshidabad,Murshidabad,West Bengal
May 14, 2026 12:32 PM IST
India Bangladesh Border Fencing: পাচারের লিস্ট লম্বা! বন্ধ হবে সব অসাধু কারবার, সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে রাজ্যের বড় সিদ্ধান্তে আহ্লাদে আটখানা মুর্শিদাবাদের বাসিন্দারা