Last Updated:
India US Trade Deal Talk: ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় চূড়ান্ত করতে নয়াদিল্লিতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। মার্কিন শুল্ক নীতির পরিবর্তনের পর চুক্তির কাঠামো নিয়ে ফের আলোচনা শুরু হওয়ায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নয়াদিল্লিঃ ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হল নয়াদিল্লিতে। মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে এই বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন।
মার্কিন শুল্ক নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের পর বাণিজ্য চুক্তির কাঠামো পুনর্বিবেচনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে চুক্তির প্রথম ধাপকে চূড়ান্ত রূপ দেওয়া এবং বাকি থাকা বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে আমেরিকা। তাঁর মতে, এই চুক্তি দুই দেশের জন্যই নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করবে।
এর আগে ২ থেকে ৪ জুন নয়াদিল্লিতে দুই দেশের প্রধান আলোচকদের মধ্যে বৈঠক হয়েছিল। ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে, ৫ জুন পীযূষ গোয়াল জানিয়েছিলেন, বাণিজ্য চুক্তির বাকি থাকা সমস্ত বিষয় সমাধানের চেষ্টা চলছে এবং আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রথম পর্যায় কার্যকর হতে পারে।
ফেব্রুয়ারিতে দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের কাঠামো ঘোষণা করেছিল। তবে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বিস্তৃত শুল্ক ব্যবস্থা বাতিল করার পর পরিস্থিতির পরিবর্তন হয়। এরপর নতুন শুল্ক নীতির জেরে চুক্তির কাঠামো নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষে আমেরিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। এই সময়ে আমেরিকায় ভারতের রফতানি বেড়ে ৮৭.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে আমেরিকা থেকে আমদানি বেড়ে হয়েছে ৫২.৯ বিলিয়ন ডলার।
Kolkata,West Bengal
Jun 23, 2026 12:38 PM IST
