Last Updated:
Lucknow Fire at Coaching Centre: লখনউয়ের আলিগঞ্জে একটি অ্যানিমেশন সেন্টার-সহ বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আগুনে আটকে পড়ে বাবাকে শেষবার ফোন করেছিলেন সুখমানি সিং; ঘটনার তদন্তে এসআইটি গঠন করা হয়েছে।
লখনউ: লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি অ্যানিমেশন সেন্টার-সহ বহুতল বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আগুন লাগার পর বাড়ির ভিতরে আটকে পড়েন বহু ছাত্রছাত্রী। প্রাণ বাঁচাতে কেউ জানালা দিয়ে ঝাঁপ দেন, আবার কেউ উপরের তলার বাথরুমে আশ্রয় নেন।
মৃতদের মধ্যে রয়েছেন ২৩ বছরের সুখমানি সিং। আগুন লাগার কিছুক্ষণ পরই তিনি তাঁর বাবা প্রভজ্যোত সিংকে ফোন করে বলেন, “বাবা, আগুন লেগেছে, আমাকে বাঁচাও।” পরিবারের কাছে সেটাই ছিল তাঁর শেষ ফোন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর চারপাশে সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, “চিৎকার শুনেই বোঝা যাচ্ছিল, অনেকেই এখনও ভিতরে আটকে রয়েছেন।”
আগুন থেকে বাঁচতে গিয়ে বহু পড়ুয়া গুরুতর আহত হন। আগুন থেকে কোনওক্রমে বেরিয়ে আসা এক ব্যক্তি জানান, “সবকিছু জ্বলছিল। আমরা দৌড়চ্ছিলাম। জ্বলন্ত তার ধরে নীচে নামতে হয়েছিল। পালাতে গিয়ে আমার হাত পুড়ে গিয়েছে।”
ঘটনার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা প্রায় তিন ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালান। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৯টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়।
ঘটনার জেরে লখনউ ডেভেলপমেন্ট অথরিটির দুই আধিকারিক-সহ মোট চারজন সরকারি কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ঘটনার তদন্তে দুই সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। এছাড়া, বাড়ির যৌথ মালিক চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস আইনের সংশ্লিষ্ট ধারায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Kolkata,West Bengal
