Last Updated:
India vs Pakistan: সেশেলসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সম্মান ঘিরে বিতর্ক, পাকিস্তানের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভারতের।
নয়াদিল্লি: সেশেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। সরকারি সূত্রের দাবি, খোয়াজা আসিফ এমন বিষয়ে মন্তব্য করছেন, যার সম্পর্কে তাঁর পর্যাপ্ত ধারণা নেই। পাশাপাশি তাঁকে “মানসিকভাবে অস্থির” বলেও আক্রমণ করা হয়েছে।
সিএনএন-নিউজ১৮-কে দেওয়া প্রতিক্রিয়ায় সরকারি সূত্র জানায়, খোয়াজা আসিফকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই বর্তমান পাকিস্তানের পরিস্থিতির প্রতিফলন। সূত্রের বক্তব্য, তাঁর কোনও বাস্তব কাজ নেই বলেই তিনি এমন বিষয়ে অমূলক মন্তব্য করে সময় কাটান, যার সম্পর্কে তাঁর জ্ঞান অত্যন্ত সীমিত। একই সঙ্গে সরকারি সূত্রের দাবি, বিদ্বেষ এবং ঈর্ষা থেকে এই ধরনের মন্তব্য করা হয়েছে, যা কোনওভাবেই ইতিবাচক মানসিকতার পরিচয় নয়।
উল্লেখ্য, গত সপ্তাহে সেশেলস সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সদ্য প্রবর্তিত ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন সম্মানে ভূষিত হন। পরিবেশ সংরক্ষণে তাঁর ধারাবাহিক উদ্যোগ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলির উন্নয়নের লক্ষ্যে কাজ করার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। এই পুরস্কারের প্রথম প্রাপকও হন তিনি। সেশেলস সরকার জাতীয় সম্মান প্রদানের কাঠামোয় পরিবর্তন আনার পর মোদির সফরের কয়েক সপ্তাহ আগে এই নতুন সম্মান চালু করা হয়েছিল।
তবে এই সম্মানকে ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্কও শুরু হয়। বিরোধী দলগুলির অভিযোগ ছিল, পুরস্কারের সরকারি উদ্ধৃতিপত্রে একাধিক বানান ও টাইপোগ্রাফিক্যাল ভুল রয়েছে। এছাড়া যে ছবি প্রকাশ করা হয়েছিল, সেটি তড়িঘড়ি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর উপায়ে তৈরি করা হয়েছে বলেও সমালোচনা ওঠে। এই বিতর্কের জবাবে সেশেলস সরকার স্পষ্ট জানায়, সম্মানটি সম্পূর্ণ আসল এবং বৈধ। সরকারের বক্তব্য, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের পর পুরনো জাতীয় সম্মান প্রদানের ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং নতুন সম্মাননা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছিল। মন্ত্রিসভা গত ২৪ জুন ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ সম্মান অনুমোদন করে।
এছাড়া সেশেলস সরকারের দাবি, প্রধানমন্ত্রী মোদিকে সম্মান জানিয়ে যে উদ্ধৃতিপত্র প্রথমে প্রকাশিত হয়েছিল, সেটি ছিল একটি “ওয়ার্কিং ড্রাফট”, যা ভুলবশত প্রকাশ্যে চলে আসে। পরে যথাযথভাবে অনুমোদিত চূড়ান্ত সংস্করণ প্রকাশ করা হয়েছে। সরকার আরও জানায়, সময়ের স্বল্পতার কারণে প্রকাশিত ছবিটি আংশিকভাবে একটি “ডিজিটাল ডিজাইন টুল” ব্যবহার করে তৈরি করা হয়েছিল। অন্যদিকে, বিজেপি এই সম্মানকে ভারতের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছে। দলের দাবি, পরিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব এবং ‘গ্রিন লিডারশিপ’-এর আন্তর্জাতিক স্বীকৃতিই এই সম্মানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
Kolkata,West Bengal
