Last Updated:
Indian Railways: আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়ন, ৫ জুলাই পর্যন্ত একাধিক মেমু ট্রেন বাতিল ও যাত্রাপথে পরিবর্তন। ট্রেনের যাত্রীরা জানুন…
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে শুরু হতে চলেছে পরিকাঠামো উন্নয়নমূলক কাজ। আর এই গুরুত্বপূর্ণ কাজের জেরে ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তন হতে চলেছে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই দিনগুলিতে বেশ কিছু মেমু ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে। এর ফলে ওই পথে যাতায়াতকারী নিত্যযাত্রীদের বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি মেমু ট্রেন নির্দিষ্ট কিছু দিনে সম্পূর্ণ বাতিল থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আসানসোল-আদ্রা-আসানসোল মেমু, যা আগামী ২৯ ও ৩০ জুন এবং ১, ২, ৩ ও ৫ জুলাই বাতিল থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু বাতিল থাকছে ৩০ জুন এবং ৩ ও ৫ জুলাই। এছাড়াও ৩০ জুন বাতিল থাকবে আদ্রা-ভাগা-আদ্রা মেমু এবং ২৯ জুন ও ২ জুলাই বাতিল থাকছে আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু। আগামী ৪ জুলাই টাটানগর-আসানসোল মেমু ট্রেনটিও বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।
ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের গন্তব্য সংক্ষিপ্ত বা শর্ট টার্মিনেশন করা হয়েছে। ২৯ জুন এবং ৩ ও ৫ জুলাই টাটানগর-আসানসোল-বরাভূম মেমু ট্রেনটি গন্তব্যের আগেই আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ফের ফিরতি পথে যাত্রা শুরু করবে। একই ভাবে আসানসোল-পুরুলিয়া মেমু ট্রেনটি ৩০ জুন এবং ১, ৩ ও ৪ জুলাই আদ্রা পর্যন্তই যাতায়াত করবে। অন্যদিকে, চক্রধরপুর-এনএসসিবি গোমো-চক্রধরপুর মেমু আগামী ৩০ জুন, ৩ ও ৫ জুলাই গোমোর বদলে মহুদা স্টেশনে যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ছাড়বে।
রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, যাত্রী সুরক্ষার স্বার্থে এবং রেল পরিষেবার মান আরও উন্নত করতেই এই উন্নয়নমূলক কাজ অত্যন্ত জরুরি। এই কাজের জেরে ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের কারণে যাত্রীদের সাময়িক যে দুর্ভোগ পোহাতে হবে, তার জন্য দক্ষিণ পূর্ব রেল আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে। যাত্রীদের যাত্রা শুরুর আগে ট্রেনের সময়সূচি পুনরায় যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Paschim Medinipur,West Bengal
