Last Updated:
এতদিন বিনা টিকিটে যাত্রা করলে যাত্রীদের থেকে ন্যূনতম জরিমানা বাবদ ২৫০ টাকা করে আদায় করত রেল৷
বিনা টিকিটের যাত্রীদের থেকে আদায় করা জরিমানার পরিমাণ দ্বিগুন করে দিল ভারতীয় রেল৷ যাত্রীদের মধ্যে বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ পাশাপাশি, জরিমানার পরিমাণ বাড়ায় অবৈধ যাত্রীর সংখ্যা কমলে পরিষেবাও আরও মসৃণ হবে বলেই মনে করছেন রেলকর্তারা৷
সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ ওই রেলকর্তা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জন বিশ্বাস আইন ২০২৬-এর অধীনে ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৩৭ এবং ১৩৮ নম্বর সেকশন অনুযায়ী বিনা টিকিটে রেল ভ্রমণের জন্য ন্যূনতম জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ টাকা করা হয়েছে৷’
এর পাশাপাশি রেল মন্ত্রকের পক্ষ থেকে জরিমানা এড়ানোর জন্য যাত্রীদের যথাযথ টিকিট কেটে এবং রেলের নিয়ম মেনে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে৷
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র মে মাসেই সেন্ট্রাল রেল কর্তৃপক্ষ ৪ লক্ষ ৯৬ হাজার বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা বাবদ ৪০.৮৫ কোটি টাকা আদায় করেছে৷
🚨🚆 Passenger Advisory 🚆🚨
As per the provisions of the Jan Vishwas Act, 2026, the minimum penalty under Sections 137 & 138 of the Railway Act, 1989, has been increased from ₹250 to ₹500, with immediate effect.
🎫 Passengers are requested to travel with a valid ticket and…
— DRM Bhusaval (@BhusavalDivn) June 20, 2026
ভারতীয় রেলের আইন অনুযায়ী, বিনা টিকিটে যাত্রা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়৷ ফলে কোনও যাত্রী বিনা টিকিটে রেল সফর করতে গিয়ে ধরা পড়লেন ৫০০ টাকা জরিমানা এবং তার সঙ্গে রেলের নির্দিষ্ট ভাড়াও তাঁকে মিটিয়ে দিতে হবে৷ যদি অভিযুক্ত যাত্রী নির্দিষ্ট জরিমানা এবং ভাড়া না মেটান, সেক্ষেত্রে তাঁর ৬ মাসের জেলও হতে পারে৷
গতকাল ১৯ জুন রেল মন্ত্রক গেজেট নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে, আইন অনুযায়ী সংশোধিত জরিমানার বর্ধিত অঙ্ক অবিলম্বে কার্যকর করা হবে৷
Kolkata,West Bengal
