Last Updated:
Jagannath Chattopadhyay: ভোটের ফল প্রকাশের পর যাতে কোনও অশান্তি না ঘটে, তার জন্য সিউড়ির গ্রামে গ্রামে ঘুরলেন নবনির্বাচিত বিধায়ক। শান্তি রক্ষায় দিলেন কড়া বার্তা।
সিউড়ি, বীরভূম: দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালের নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই বাংলায় বইছে পরিবর্তনের হাওয়া। রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে যখন জয়ের আনন্দ তুঙ্গে, ঠিক তখনই এক অন্যরকম দায়িত্বশীলতার ছবি দেখা গেল বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রে। জয়ের উন্মাদনায় ভেসে না গিয়ে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রীতিমতো ‘অ্যাকশন মুডে’ ধরা দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার সিউড়ি শহরের বেশ কিছু জায়গায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, কিছু অতি উৎসাহী মানুষ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থাকা ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে ফেলছেন। এমনকি সেই অফিসের দখল নেওয়ার চেষ্টাও করা হয়। এই খবর কানে পৌঁছনো মাত্রই কোনও দেরি না করে সশরীরে ঘটনাস্থলে হাজির হন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি যা করলেন, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল।
ঘটনাস্থলে দাঁড়িয়ে জগন্নাথবাবু সাফ জানিয়ে দেন, “তৃণমূলের পার্টি অফিস দখল বা ভাঙচুর কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” তিনি নিজেই উদ্যোগী হয়ে দলীয় কর্মীদের নির্দেশ দেন ওই অফিসের গায়ে লাগানো বিজেপির পতাকা খুলে ফেলতে। যারা ভাঙচুর করছিল, তাদের কড়া ভাষায় সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দেন। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, “প্রকৃত বিজেপি কর্মী কখনও অশান্তি বা ভাঙচুরে বিশ্বাস করে না। যারা আজ হঠাৎ বিজেপি সেজে এই তাণ্ডব চালাচ্ছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Birbhum,West Bengal
Jagannath Chattopadhyay: ভোটের ফল বেরোতেই ময়দানে জগন্নাথ চট্টোপাধ্যায়, শান্তি বজায় রাখতে পৌঁছে গেলেন প্রত্যন্ত গ্রামে
