Last Updated:
Kalbaishakhi Storm: কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড নদিয়ার বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। ঝড়ের দাপটে রাস্তার উপর ভেঙে পড়েছে অসংখ্য বড় বড় গাছ। বহু বাড়ির চাল উড়ে গিয়েছে।
চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথ: ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড নদিয়ার একাধিক এলাকা। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। নদিয়ার কল্যাণী ও চাকদহ বিধানসভার বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগেরদিন বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় চাদুরিয়া এক অঞ্চল, মলিচা, মনসাপোতা, মালোপাড়া-সহ একাধিক গ্রাম। ঝড়ের দাপটে বহু বাড়িঘরের চাল উড়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য গাছপালা। কাঁচা ও টিনের ঘরগুলির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঝোড়ো হাওয়ার তীব্রতায় বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে রাস্তার উপর পড়ে যাওয়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। অনেক জায়গায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, মাত্র কয়েক মিনিটের ঝড়েই বহু পরিবার কার্যত গৃহহীন হয়ে পড়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ দফতরের কর্মীরাও রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজ জোরকদমে চলছে। প্রশাসনের দাবি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
Nadia,West Bengal
Kalbaishakhi Storm: আচমকা কালবৈশাখীর তাণ্ডব! বিদ্যুতের খুঁটি-গাছ ভেঙে লণ্ডভণ্ড, বিপর্যস্ত নদিয়ার একাংশ, ছাদহারা বহু পরিবার