Last Updated:
কেন নগেন্দ্র ওই তরুণীর উপরে হামলা চালালো, কেনই বা সে গাড়িতে বিস্ফোরণ ঘটালো তা খতিয় দেখছে পুলিশ৷
প্রথমে গাড়ির ভিতরেই এক তরুণীর উপরে ছুরি দিয়ে হামলা করলেন সঙ্গে থাকা যুবক৷ তার পর সেই গাড়িতেই বিস্ফোরণের মৃত্যু হল অভিযুক্তের৷ শুক্রবার এমনই রহস্যজনক ঘটনা ঘটেছে কর্ণাটকের টুমকুরু জেলায়৷ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত তরুণী৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সি ওই মৃত যুবকের নাম নগেন্দ্র৷ ২৩ বছর বয়সি আহত ওই তরুণীর নাম রম্যা উল্লাস৷ তিনি উত্তর টুমকুরু জেলার বাসিন্দা৷৷ তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই তরুণীকে টুমকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷
পুলিশ জানতে পেরেছে, শুক্রবার বেঙ্গালুরু থেকে একটি গাড়ি বুক করেন নগেন্দ্র৷ তিনি এবং রম্যা নামে ওই তরুণী গাড়িতে করে আঙ্কোলার দিকে রওনা দেন৷ চালকের বয়ান অনুযায়ী, গাড়িটি টুমকুরুর কাছাকাছি পৌঁছনোর পর কোনও একটি বিষয় নিয়ে রম্যার সঙ্গে নগেন্দ্রর বচসা শুরু হয়৷ উত্তপ্ত কথা কাটাকাটির মধ্যেই আচমকা ছুরি দিয়ে ওই তরুণীকে আঘাত করেন নগেন্দ্র৷
আহত অবস্থাতেই কোনওমতে চলন্ত গাড়ি থেকে বাইরে ঝাঁপ দেন ওই তরুণী৷ তার আগে আহত ওই তরুণী গাড়ির চালককে সতর্ক করে বলেন, নগেন্দ্রর কাছে একটি বোমা রয়েছে৷ একথা শুনেই গাড়ি থামিয়ে দ্রুত নেমে যান চালক৷ তিনি নেমে যাওয়ার পর পরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে গাড়িটিতে৷ তাতেই মৃত্যু হয় নগেন্দ্রর৷ প্রবীণ নামে ওই গাড়ি চালকও অল্প আহত হন৷
পুলিশের ধারণা, নগেন্দ্র নিজের কাছে থাকা বোমায় বিস্ফোরণ ঘটিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন৷কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা জানতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেন্সিক বিশেষজ্ঞারা৷
Kolkata,West Bengal
