Last Updated:
সিদ্দারামাইয়াকে সরিয়ে কর্ণাটকে ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান পরিষদ নির্বাচনই ছিল তাঁর প্রথম বড় পরীক্ষা৷
বৃহস্পতিবারই ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের সৌজন্যে অপ্রত্যাশিত ভাবে জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী৷ অন্যদিকে, এই ক্রস ভোটিংয়ের জেরেই কর্ণাটকে ধাক্কা খেল বিজেপি৷ কর্ণাটকে বিধান পরিষদের নির্বাচনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় একটি ভোট কম পেলেন বিজেপি প্রার্থী৷
কর্ণাটকের বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের ৫ জন এবং বিজেপি-র ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন৷ কংগ্রেসের জয়ী প্রার্থীরা হলেন বিনয় কার্তিক, টিপ্পানাপ্পা কামাকানুর, বি এস শিবান্না, বি কে হরিপ্রসাদ এবং পি ভি মোহন৷
অন্যদিকে বিজেপি-র রঘু কৌটিল্য এবং লিঙ্গরাজ পাটিল জয়ী হন৷ তবে জেডিএস প্রার্থী গোবিন্দ রাজু ১৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন৷
তবে জয় পরাজয়ের হিসেবকে ছাপিয়েও বিধান পরিষদ নির্বাচনের ফল সামনে আসার পর ক্রস ভোটিংয়ের বিষয়টি নিয়েই চর্চা শুরু হয়েছে৷ বিজেপি শিবির নিশ্চিত, তাঁদের বিধায়কদের মধ্যে থেকেই ক্রস ভোটিং হয়েছে৷ বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনার কথাও জানিয়েছেন রাজ্য নেতারা৷ অন্যদিকে কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলের পর বিধান পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী জয় পাওয়ায় স্বস্তিতে কংগ্রেস শিবির৷
কংগ্রেসের বিনয় কার্তিক সর্বোচ্চ ৩২টি ভোট পেয়েছেন৷ টিপ্পান্নাপ্পা কামাকানুর, শিবান্না এবং হরিপ্রসাদ ৩০টি করে ভোট পেয়েছেন৷ মোহন পেয়েছেন ২৯টি ভোট৷ অন্যদিকে বিজেপি-র রঘু কৌটিল্য ২৯টি এবং লিঙ্গরাজ পাটিল ২৭টি ভোট পেয়েছেন৷ হিসেব মতো বিজেপি-র রঘু কৌটিল্যর ৩০টি ভোট পাওয়ার কথা৷ কিন্তু তিনি ভোটে পান ২৯টি৷ রঘু কৌটিল্যও স্বীকার করে নিয়েছেন, ক্রস ভোটিং হয়েছে৷ বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনা হবে বলেও জানিয়েছেন তিনি৷
বিধান পরিষদের ভোটের ফল নিয়ে কর্ণাটকের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে৷ শুধু বিজেপি-ই নয়, তাঁদের দলের বিধায়করা কেউ ক্রস ভোটিং করেছেন কি না, ভোটের ফলাফল বিশ্লেষণ করে তা খুঁজে বের করার চেষ্টা করছে কংগ্রেসও৷
Kolkata,West Bengal
