Last Updated:
Ketan Agarwal Murder Case Update: খুনের ঠিক এক মাস আগেই একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে মৃত কেতন আগরওয়ালকে৷ তাঁকে আনন্দে নাচতে দেখা যায় ভাইরাল ভিডিওতে৷ সঙ্গে ছিলেন অভিযুক্ত সিয়ার পরিবার৷
পুণে: কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ পুণের লোহগড় দুর্গ থেকে ঠেলে ফেল খুন করা হয় কেতনকে, অভিযোগের তীর তাঁর হবু স্ত্রী সিয়া এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে৷ কিন্তু তার ঠিক এক মাস আগেও বিয়ে নিয়ে খুশিতেই ছিলেন কেতন৷ সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই ভিডিওতে কেতন আগরওয়ালকে তাঁর বাগদত্তা সিয়া গোয়াল এবং দুই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে নাচতে দেখা যাচ্ছে৷ ভিডিওটি ৭ মে একটি পারিবারিক অনুষ্ঠানে রেকর্ড করা হয়েছিল, যা কেতনের মৃত্যুর মাত্র এক মাস আগে।
ওই অনুষ্ঠানে গান গেয়েছিলেন গায়িকা রিতু শর্মা৷ তিনিই পোস্ট করেছেন ওই ভিডিও৷ প্রথম ভিডিওতে কেতনের বাবা বিশাল আগরওয়াল এবং সিয়ার বাবা-মা প্রবীণ গোয়াল ও পূজা গোয়ালকে অন্যান্য আত্মীয়দের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সময় বিশাল আগরওয়াল জনপ্রিয় বলিউড গান “ইয়াম্মা ইয়াম্মা” গাইছিলেন। গানের সঙ্গেই পরিবারের অন্যান্যদের সঙ্গেই নাচতে দেখা যায় কেতনকে৷
কিছুক্ষণ পরেই আরেকটি দৃশ্যে কেতনকে সিয়ার বাবা প্রবীণ গোয়ালের সঙ্গে সানি দেওলের গদর ছবি সেই বিখ্যাত “ম্যায় নিকলা গড্ডি লেকে” গানে নাচতে দেখা যায়। ভিডিওতে দুই পরিবারকে অত্যন্ত খুশি ও স্বাভাবিক পরিবেশে সময় কাটাতে দেখা গিয়েছে।
অভিযুক্ত প্রেমিকা সিয়া গোয়েলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গায়িকা রিতুও। তাঁর বক্তব্য, কাউকে পছন্দ না হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসা যেত, কিন্তু তাই বলে তার প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। তিনি প্রশ্ন তোলেন, যদি সিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যেত, তাহলে হয়তো নিজের পরিবারের সম্মানহানি হত, কিন্তু কেতনের বাবা-মায়ের জীবনে যে অপূরণীয় ক্ষতি হলো, সে কথা কি একবারও ভাবেনি?
এদিকে সিয়ার ভাই সাহিল গোয়াল এক সাক্ষাৎকারে জানান, তিনি সিয়ার সঙ্গে অভিযুক্ত চেতন চৌধুরীর বন্ধুত্বের কথা জানতেন। তবে সিয়া তাঁকে আশ্বস্ত করেছিলেন যে তিনি কেতনকেই বিয়ে করতে চান এবং চেতনের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না।
সাহিলের কথায়, “সিয়া আমাকে বলেছিল, সে কেতনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চায়। সে নিজের জীবনের শপথ করে বলেছিল, চেতনের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখবে না। তাই আমি বিষয়টি বাড়ির কাউকে জানাইনি।” তবে পুলিশ সূত্রের দাবি, তদন্তে উঠে এসেছে সিয়া আদৌ কেতনকে বিয়ে করতে চাইছিলেন না এবং এই কথাও তিনি সাহিলকে জানিয়েছিলেন। ফলে এই মামলায় সাহিলের ভূমিকাও তদন্তের আওতায় এসেছে।
Kolkata,West Bengal
Jul 01, 2026 12:07 PM IST
