Last Updated:
Madhyamik Result 2026: ফলপ্রকাশের পর মৈনাক জানিয়েছে, ‘একটা আশা ছিল কিছু বড় করব। তবে খুব বেশি চাপ নিয়ে বা প্রচণ্ড সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করিনি।’
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করল মৈনাক মণ্ডল। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৯৫। মৈনাক বাঁকুড়ার Bankura Christian Collegiate School (মিশন বয়েজ)-এর ছাত্র।
ফলাফল প্রকাশের পর থেকেই পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের পড়ুয়াদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। জেলার শিক্ষামহলেও মৈনাকের এই সাফল্য নিয়ে চর্চা শুরু হয়েছে। ছোট শহর থেকে রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
ফলপ্রকাশের পর মৈনাক জানিয়েছে, ”একটা আশা ছিল কিছু বড় করব। তবে খুব বেশি চাপ নিয়ে বা প্রচণ্ড সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করিনি।” পড়াশোনার পাশাপাশি নিয়মিত রুটিন মেনে চলাই তার সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছে সে। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করত বলে জানিয়েছে কৃতি ছাত্র। স্কুলের শিক্ষকদের পরামর্শ এবং বাড়ির পরিবেশ তাকে মানসিকভাবে অনেকটা এগিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেছে মৈনাক।
মৈনাকের এই সাফল্যের পিছনে পরিবারের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতি ছাত্র জানিয়েছে, তার বাবা-মা সবসময় তাকে মানসিকভাবে সমর্থন করেছেন। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী। ব্যস্ততার মাঝেও ছেলের পড়াশোনার দিকে সবসময় নজর রেখেছেন তাঁরা। আর্থিক ও মানসিক– দুই দিক থেকেই পরিবারের সহযোগিতা তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানিয়েছে মৈনাক।
মেধাবী এই ছাত্রের সাফল্যে গর্বিত Bankura Christian Collegiate School কর্তৃপক্ষও। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, মৈনাক বরাবরই শান্ত, ভদ্র এবং মনোযোগী ছাত্র হিসেবে পরিচিত ছিল। তার এই কৃতিত্ব আগামী দিনে জেলার অন্যান্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন শিক্ষকরা। ফল প্রকাশের দিন থেকেই মৈনাকের বাড়িতে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় জমাতে শুরু করেছেন আত্মীয়, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা।
Bankura,West Bengal