Last Updated:
Meghalaya Honeymoon Murder: জামিন মঞ্জুর করার সময় আদালত সোনম রঘুবংশীর ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে এবং নির্দেশ দিয়েছে যে তিনি পূর্বানুমতি ছাড়া শিলং ত্যাগ করতে পারবেন না।
নয়াদিল্লি: ২০২৫ সালে মধুচন্দ্রিমা চলাকালে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে অভিযুক্ত সোনম রঘুবংশী পুলিশের একটি “করণিক ভুলের” কারণে মেঘালয়ের আদালতে জামিন পেয়েছেন। অভিযুক্তকে জামিন মঞ্জুর করার সময় আদালত উল্লেখ করে যে, তার গ্রেফতারি মেমোতে ভারতের ফৌজদারি আইনের এমন একটি ধারার উল্লেখ ছিল, যার কোনও অস্তিত্ব নেই।
মেমোতে ভারতীয় ন্যায় সংহিতার 403(1) ধারার উল্লেখ ছিল, যদিও খুনের ক্ষেত্রে প্রাসঙ্গিক ধারাটি আসলে 103(1)। প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-এর প্রতিবেদন অনুযায়ী, আদালতের আদেশ অনুসারে, সোনম রঘুবংশীর গ্রেফতার মেমো ,পরিদর্শন মেমো, অধিকার জানানোর মেমো, এবং এমনকি কেস ডায়েরির এন্ট্রিগুলিতেও “ভারতীয় ন্যায় সংহিতার একটি অস্তিত্বহীন ধারা 403(1)” উল্লেখ করা হয়েছে। পুলিশ এটিকে একটি “করণিক ত্রুটি” বলে যুক্তি দিলেও, আদালত পর্যবেক্ষণ করে যে অভিযুক্তকে “গ্রেফতারের কার্যকর কারণ” দেখানো হয়নি।
প্রসঙ্গত ২০২৫ সালে শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে সোনম রঘুবংশী অভিযুক্ত। এই দম্পতি ২০২৫ সালের মে মাসে বিয়ে করে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে গিয়েছিলেন। এর কিছুদিন পর রাজা নিখোঁজ হন এবং ২ জুন মেঘালয়ের একটি গিরিখাত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, সোনম তার পুরনো প্রেমিক-সহ অন্যদের সঙ্গে মিলে তার স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে স্বীকার করেছে জেরায়। এই মামলায় সোনম-সহ আটজনকে গ্রেফতার করা হয়েছিল। স্বামীকে খুনের ঘটনায় অভিযুক্ত সোনম জামিন পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তার শাশুড়ি উমা রঘুবংশী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
