Last Updated:
Money Making Tips: গাঁদা, গোলাপ সহ বেশ কিছু ফুলের চাহিদা সারা বছর থাকে। এই ধরনেরই একটি ফুল হল রজনীগন্ধা। সঠিক পদ্ধতিতে এই ফুল চাষ করলে ভাল লাভ হতে পারে।
মাথাভাঙা, কোচবিহারঃ ঘর সাজানো থেকে শুরু করে উপহার দেওয়া, বিভিন্ন কাজে ফুল লাগে। গাঁদা, গোলাপ সহ এমন বেশ কিছু ফুল রয়েছে যার চাহিদা প্রায় সারা বছরই থাকে। এমনই একটি ফুল হল রজনীগন্ধা। কোচবিহারের মাথাভাঙায় সাদা, সুগন্ধি এই ফুল চাষ করে ব্যাপক লাভের দিশা খুঁজে নিয়েছেন এক চাষি।
বর্তমান সময়ে বহু কৃষক গতে বাঁধা চাষের পাশাপাশি বিভিন্ন ফুলেরও চাষ করেন। তবে যে কোনও ফুল চাষ করলেই মোটা টাকা লাভ হয় না। সারা বছর যেসব ফুলের চাহিদা থাকে, সেগুলি চাষ করলে বেশি লাভ পাওয়া যায়। জানা যায়, সঠিক পদ্ধতিতে রজনীগন্ধা চাষ করলে বিনিয়োগের তুলনায় অনেক বেশি লাভ হতে পারে কৃষকদের।
ফুল চাষি অখিল কুমার চৌধুরী যেমন মাথাভাঙায় নিজের বাড়ির পাশের জমিতে রজনীগন্ধা চাষ শুরু করেছিলেন। তিনি জানান, এতে খরচ একেবারে কম। এদিকে লাভের পরিমাণ খরচের চেয়ে বেশি। তবে এই ফুল চাষের ক্ষেত্রে বেশ কয়েকটি দিকে নজর রাখতে হয়।
এই ফুল চাষির মতে, রজনীগন্ধা চাষের ক্ষেত্রে জমি অবশ্যই উঁচু জমি হতে হবে। যে জমিতে জল দাঁড়াবে না অথবা জলের স্তর কম হবে তেমন জমি দরকার হয়। এছাড়া জমি তৈরির সময় ভাল মতো সার এবং চুন প্রয়োগ করতে হয়। এতে গাছের মান ভাল থাকে। সেই সঙ্গেই ভাল মাত্রায় ফুল পেতে চাষ করার পর প্রত্যেক মাসে একবার করে সার প্রয়োগ করতে হয়। এমনটা না করলে রজনীগন্ধার মান খারাপ হওয়ার অথবা ফলন খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে।
সব মিলিয়ে, সঠিক পদ্ধতিতে রজনীগন্ধা চাষ করে ভাল লাভ করতে পারেন চাষিরা। সারা বছর এই ফুলের চাহিদা থাকায় বিক্রি নিয়ে কোনও চিন্তা নেই। শুধু চাষের সময় কয়েকটি দিকে নজর রাখলে বাম্পার আয় হতে পারে তাঁদের।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Money Making Tips: স্বল্প বিনিয়োগে ব্যাপক লাভ! সঠিক পদ্ধতিতে এই সুগন্ধি ফুল চাষ করলে ঘুরতে পারে ভাগ্য, জানুন খুঁটিনাটি
