Last Updated:
MT Settebello Strike: এমটি সেট্টেবেলো-তে মার্কিন হামলার জেরে মৃত্যু ৩ ভারতীয় নাবিকের, পরিবারগুলির পাশে থাকার আশ্বাস সোনওয়ালের।
নয়াদিল্লি: গালফ অব ওমানের জলসীমায় পালাউ-ফ্ল্যাগযুক্ত তেলবাহী ট্যাঙ্কার এমটি সেট্টেবেলো (MT Settebello)-তে হামলার ঘটনায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই তথ্য নিশ্চিত করে গভীর শোকপ্রকাশ করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় সোনোয়াল জানান, প্রথমে নিখোঁজ বলে চিহ্নিত তিন ভারতীয় নাবিকের দেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। তাঁদের মৃত্যু ভারতের সামুদ্রিক ক্ষেত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন তিনি। শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নিহতদের নিকটাত্মীয়দের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
এছাড়াও, উদ্ধার হওয়া নাবিকদের পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, গালফ অব ওমানে মার্কিন সামরিক বাহিনীর হামলার পরই ট্যাঙ্কারটিতে থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি তাদের নির্দেশ অমান্য করেছিল এবং ইরান থেকে তেল বহন করছিল। সেই কারণেই জাহাজটির উপর ‘প্রিসিশন স্ট্রাইক’ চালানো হয়।
এদিকে রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ঘটনার জেরে ভারত সরকার নয়াদিল্লিতে মার্কিন ডেপুটি চিফ অব মিশনকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। হামলার পর প্রথম দিকে তিন নিখোঁজ নাবিকের মধ্যে একজনের পরিণতি নিয়ে অনিশ্চয়তা ছিল। ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অব ইন্ডিয়া (FSUI)-র সাধারণ সম্পাদক মনোজ যাদব জানিয়েছিলেন, জাহাজের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সঠিক তথ্য সংগ্রহে সমস্যা হচ্ছিল। সে সময় দুই নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত হলেও প্রধান প্রকৌশলী (Chief Engineer) নিখোঁজ ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্ষতিগ্রস্ত তিন ভারতীয় নাবিকের বাড়ি যথাক্রমে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা এবং অন্ধ্রপ্রদেশে। এর আগে ভারতের বিদেশমন্ত্রক (MEA) ওমান উপকূলে এমটি সেট্টেবেলোর উপর হামলার তীব্র নিন্দা করে জানিয়েছিল, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তিন নাবিকের সন্ধানে তৎপর ছিল ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং স্থানীয় প্রশাসন।
বিদেশ মন্ত্রক আরও জানায়, অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করে ভারত। এই মর্মান্তিক ঘটনায় দেশের সামুদ্রিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার।
Kolkata,West Bengal
